নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও যে ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে, সেটা হয়তো অনেকেরই জানা। তবে সেখানে যে বাংলাদেশের নারী দল আছে, তা অনেকেই অবগত নয়। এই তালিকায় মোটামুটি ভালো অবস্থানে বাংলাদেশ। গতকাল শুক্রবার নারী ফুটসাল র্যাঙ্কিং প্রকাশের পর ৪৪ নম্বরে দেখা গেছে বাংলাদেশকে, আর তাদের প্রতিবেশী দেশ ভারত ৮৭তম! যদিও বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে।
সম্প্রতি বাফুফের নতুন কমিটি ফুটসাল নিয়ে বেশ ভালো উদ্যোগ নিতে শুরু করেছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল। ইরানি কোচও আনা হয়েছে। নারী দল র্যাঙ্কিংয়ে থাকলেও আন্তর্জাতিক ফুটসালে অংশগ্রহণ না করায় পুরুষ দলগুলোর তালিকায় বাংলাদেশ নেই।
এশিয়ান কাপ ফুটসালের বাছাই দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে বাংলাদেশের পুরুষ দলের। সাবিনা খাতুনরা ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসাল সরাসরি খেলেছিলেন। প্রথম অংশ নিয়ে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিলেন তারা। সেটাই ছিল বাংলাদেশ নারী ফুটসাল দলের একমাত্র অংশগ্রহণ।
ছয় বছরের বেশি সময় বাংলাদেশ নারী ফুটসাল দল ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে রয়েছে। তবে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপের ফুটসাল টুর্নামেন্ট খেলেছেন কয়েকবার। দেশের বাইরে ফুটসার খেলেছেন জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও।









