ব্রাজিলের জন্য দুঃসংবাদ। ২০২৬ বিশ্বকাপের আগে চলতি মাসে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আলিসন বেকারকে পাচ্ছে না। চোটের কারণে নিয়মিত গোলকিপার আলিসন ছিটকে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোট ও দল থেকে ছিটকে যাওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন আলিসন। ইনস্টাগ্রাম স্টোরিতে লিভারপুলের এই গোলকিপার লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকব। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আলিসন কবে ফিরবেন সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের ২৭ বছর বয়সী গোলকিপার হুগো সুজা।
আলিসনের এই চোট কেবল ব্রাজিলের জন্যই নয়, তার ক্লাব লিভারপুলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়নস লিগে পিএসসির বিপক্ষে শেষ আটের লড়াইয়ে আলিসনের থাকা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।









