বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেলেও অভিজ্ঞতাটি সহজে ভুলতে পারবেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মায়ামিতে এই ম্যাচেই আর্জেন্টিনার কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন স্কালোনি।
ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ বলেন, ‘নিশ্চয়ই শত ম্যাচের মধ্যে এটিই আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। কারণ, এটা বিশ্বকাপের ম্যাচ। এখানে আমাদের ঘুরে দাঁড়াতে হয়েছিল।’
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। মায়ামিতে দুই দফা পিছিয়ে পড়েও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ দিকে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল না হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত।
শেষ ষোলো নিশ্চিত করার পর স্কালোনি বলেন, ‘এটি এমন এক ম্যাচ, যা একজন কোচ হিসেবে আমাকে সাহায্য করবে। আর এটি জেতা তো আরও দারুণ ব্যাপার। যদি আমরা হেরে যেতাম, তবে এটি কেবলই একটি দুঃখজনক পরিসংখ্যান হয়ে থাকত।’
গ্রুপ পর্বে ভুল শোধরানোর সুযোগ থাকলেও নকআউট পর্বে সেই সুযোগ থাকে না। তাই ম্যাচের মাঝপথে কিছুটা দুশ্চিন্তায়ও পড়ে গিয়েছিলেন স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি একটু অবিশ্বাসী স্বভাবের। নিজেকে কখনও পুরোপুরি যোগ্য বলে মনে করি না। অভিজ্ঞতাই আমাকে এমনটা শিখিয়েছে। তবে এটাও সত্য যে ম্যাচটি খুব কঠিন ও অগোছালো ছিল। যদিও আমরাই খেলায় আধিপত্য বিস্তার করছিলাম। তবু ফল উল্টোটাও হতে পারত।’









