বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন ও শারীরিক লড়াইয়ের জন্য প্রস্তুত স্পেন। ফাইনালের আগে স্পেন অধিনায়ক রদ্রি জানিয়েছেন, প্রতিপক্ষের সম্ভাব্য উসকানিতে পা না দিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগ দেবে ইউরোপের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দিলেও তিনি মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা শুধু মেসিনির্ভর দল নয়।
রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচের আগে ম্যানহাটনে সংবাদ সম্মেলনে স্পেন অধিনায়ক রদ্রি বলেছেন, এই ফাইনাল তাদের আগের সব ম্যাচের চেয়ে ভিন্ন হবে, ‘আমি মনে করি, এই ম্যাচটা একেবারেই আলাদা হবে। এটি হবে অনেক বেশি শারীরিক লড়াইয়ের ম্যাচ এবং সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার বলেছেন, পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলানোর সামর্থ্যই স্পেনের সবচেয়ে বড় শক্তি, ‘এই জাতীয় দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিতে পারি। প্রয়োজন হলে রক্ষণে খেলতে পারি, পাল্টা আক্রমণ করতে পারি কিংবা আক্রমণাত্মক ফুটবলও খেলতে পারি। আমরা খুবই পরিপূর্ণ একটি দল, আর সে কারণেই আজ আমরা ফাইনালে।’
আর্জেন্টিনা ম্যাচে মানসিক চাপ বা উসকানিমূলক কৌশল নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে রদ্রি বলেন, সেটিও ফুটবলেরই অংশ, ‘খেলা কীভাবে এগোয়, সেটাই দেখা যাক। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা সর্বোচ্চটা দেওয়ার জন্যই খেলবে, অপ্রয়োজনীয় পথে যাবে না। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের সেটি উপেক্ষা করে নিজেদের খেলাতেই মনোযোগ দিতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।’
লিওনেল মেসিকে নিয়ে রদ্রির কণ্ঠে ছিল গভীর শ্রদ্ধা। নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা আর্জেন্টাইন অধিনায়ককে তিনি ‘সর্বকালের সেরা’ বলে অভিহিত করেছেন। তার কথায়, ‘ফুটবলার হিসেবে এবং আর্জেন্টিনার জন্য মেসির গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন। আমার কাছে তিনি সর্বকালের সেরা। তবে আর্জেন্টিনা শুধু মেসিকে নিয়েই নয়। তারা প্রমাণ করেছে, তারা অসাধারণ সব খেলোয়াড় নিয়ে গড়া একটি পরিপূর্ণ দল। তাই শুধু লিও নয়, তাদের অন্য ফুটবলারদের দিকেও সমান নজর রাখতে হবে।’









