ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামের মূল দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার পর এবার ধারে খেলার অভিজ্ঞতা নিতে ইংল্যান্ডের পঞ্চম স্তরের (ন্যাশনাল লিগ) ক্লাব বোরহ্যাম উডে যোগ দিলেন ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। এক বছরের চুক্তি বা ধারে এই ক্লাবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রতিশ্রুতিশীল তরুণ।
শুক্রবার (৭ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ফারহানের বোরহ্যাম উডে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলহ্যাম। এক মৌসুমের এই ঋণ চুক্তির জন্য তরুণ এই উইঙ্গারকে শুভকামনাও জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নতুন মরশুম শুরু করতে যাচ্ছে বোরহ্যাম উড।
ফুলহ্যামের একাডেমি ও বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করেই নজর কেড়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করেন তিনি। পরবর্তী সময়ে অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পেয়ে অভিষেকেই গোল করার কৃতিত্ব দেখান। অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা শুরুর মাত্র চতুর্থ মাসেই (নভেম্বর) তিনি জেতেন পিএলটু-এর মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। ওই সময়ে ২ ম্যাচে ৩টি গোল করেছিলেন তিনি।
মূল দলের সঙ্গে সাম্প্রতিক প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে দারুণ সময় কাটে ফারহানের। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ফুলহ্যামের মূল দলের জার্সিতে তার অভিষেক হয়। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও মাঠে নামেন তিনি। নিয়মিত ম্যাচ টাইম ও সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই ফারহানকে এক বছরের জন্য বোরহ্যাম উডে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্লাবের ম্যানেজমেন্ট।

ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন







