বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করা ফেরান তোরেস এবার পিএসজির। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) বার্সেলোনা থেকে স্পেনের এই তারকা ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন ২৬ বছর বয়সী তোরেস।
তার ট্রান্সফার ফিতে খরচ হয়েছে প্রায় ৫ কোটি ইউরো।
গত মাসে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেছিলেন তোরেস। তার গোলেই স্পেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে। বিশ্বকাপের আগেই অবশ্য বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে নিজের বাজারমূল্য অনেকটাই বাড়িয়ে ফেলেছিলেন তিনি।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ২১ গোল করেন তোরেস। সঙ্গে ছিল তিনটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে ভর করেই লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। এবার সেই সাফল্যের পরই নতুন ঠিকানা প্যারিস।
পিএসজির ডাগআউটে রয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ লুইস এনরিকে। তার অধীনেই স্পেন জাতীয় দলে অভিষেক হয়েছিল তোরেসের। স্পেনের জার্সিতে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ২৫ গোল করেছেন এই ফরোয়ার্ড।
তোরেস ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে দুই মৌসুম খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। পিএসজিতে যোগ দিয়ে এবার তিনি এমন একটি দলে পা রাখলেন, যারা টানা দুই মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।








