বেশ কয়েক সপ্তাহের আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেবাস্তিয়ান বেকাসেচের বিকল্প খুঁজে পেয়েছে ইকুয়েডর জাতীয় ফুটবল দল। ট্রিকলারদের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন রিভার প্লেটের সাবেক প্রখ্যাত আর্জেন্টাইন ম্যানেজার মার্সেলো গ্যালার্দো। চুক্তি নিশ্চিত হলেও এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা।
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন (এফইএফ) আবারও আর্জেন্টাইন কোচের ওপরই পূর্ণ আস্থা রাখছে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে গুস্তাভো আলফারো এবং ২০২৬ সালের আসরে বেকাসেচের অধীনে খেলেছিল দলটি। বেকাসেচের অধীনে রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিলেও গ্রুপ পর্বে জার্মানির বিরুদ্ধে একটি ঐতিহাসিক জয় পেয়েছিল ইকুয়েডর।
গ্যালার্দোর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কোনও জাতীয় দল পরিচালনার এটিই প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। ২০১১ সালে উরুগুয়ের ক্লাব নাসিওনালের মাধ্যমে কোচিং শুরু করার পর ২০১৪ সালের জুনে রিভার প্লেটের দায়িত্ব নেন তিনি। রিভার প্লেটে ৮ বছরের প্রথম মেয়াদে দুটি কোপা লিবার্তাদোরেসসহ মোট ১৪টি শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচে পরিণত হন গ্যালার্দো।
পরবর্তী সময়ে সৌদি আরবের ক্লাব আল-ইতিহাদে সংক্ষিপ্ত সময় কাটানোর পর ২০২৪ সালের আগস্টে পুনরায় রিভার প্লেটে ফিরেছিলেন তিনি। তবে দ্বিতীয় মেয়াদটি সাফল্যহীন হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যানফিল্ডের বিপক্ষে ৩-১ জয়ের পর ক্লাব ছেড়ে দেন গ্যালার্দো। এবার আন্তর্জাতিক ফুটবলের নতুন চ্যালেঞ্জ নিয়ে ২০৩০ বিশ্বকাপের যাত্রায় ইকুয়েডরকে পথ দেখাবেন ৫০ বছর বয়সী এই কৌশলী।

বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি







