ইউরোপীয় ফুটবলে জাতীয় দলের টাচলাইনে এবার তারার মেলা। ২০২৬-২৭ উয়েফা নেশন্স লিগ শুরু হচ্ছে এই সপ্তাহে। আর শুরুতেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বড় এক দ্বৈরথ। আজ রাতে আমস্টারডামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জার্মানি। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের ডাগআউটে দুই মহাতারকার আন্তর্জাতিক কোচিং অভিষেক। একজন হচ্ছেন জাভি হার্নান্দেস, আরেকজন ইয়ুর্গেন ক্লপ।
লিগ এ, গ্রুপ ২-এর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বার্সেলোনার কিংবদন্তি জাভি এবং জার্মানির নতুন কোচ ক্লপ।
নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন জাভি। ১৯৭৮ সালের পর তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে ডাচ জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ৪৬ বছর বয়সী এই সাবেক বার্সেলোনা তারকা রোনাল্ড কোম্যানের পদত্যাগের পর চার বছরের চুক্তিতে দায়িত্ব নেন। ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছিল নেদারল্যান্ডসকে।
ডাচ ফুটবলের কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, লুইস ফন গাল ও ফ্রাঙ্ক রাইকার্ডের প্রভাবের কথা উল্লেখ করে জাভি নিজেকে আংশিকভাবে ডাচ ফুটবলের সন্তান হিসেবে অভিহিত করেছেন। তবে কোম্যানের তুলনামূলক রক্ষণাত্মক ও বাস্তববাদী কৌশল থেকে বেরিয়ে এসে নতুন ধরনের ফুটবল খেলাতে চান তিনি।
অন্যদিকে জার্মানির ডাগআউটে শুরু হচ্ছে ক্লপ-যুগ। লিভারপুল কিংবদন্তি ২০২৪ সালে শক্তি ফুরিয়ে আসছে বলে কোচিং থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। এরপর রেড বুলের গ্লোবাল স্পোর্টস ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ৫৯ বছর বয়সী। এবার আন্তর্জাতিক ফুটবলে পা রেখে নিজের কোচিং ক্যারিয়ারের চূড়ায় পৌঁছেছেন বলে মনে করছেন ক্লপ।
জার্মানির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বহু জার্মান সমর্থকের দীর্ঘদিনের কল্পনাও বাস্তবে রূপ নিয়েছে। হুলিয়ান নাগেলসমানের অধীনে হতাশাজনক বিশ্বকাপের পর ঘুরে দাঁড়ানোর দায়িত্ব এখন ক্লপের কাঁধে।
দায়িত্ব নিয়েই নিজের কর্তৃত্বের জানান দিয়েছেন তিনি। প্রথম ম্যাচগুলো সামনে রেখে মোট ৪৪ জন খেলোয়াড়কে দুই দলে ভাগ করে ডেকেছেন। নেদারল্যান্ডসের পাশাপাশি গ্রিস ও সার্বিয়ার বিপক্ষেও তার দল মাঠে নামবে।
বিশ্বকাপের পর ইউরোপজুড়ে জাতীয় দলের কোচিংয়ে এসেছে বড় পরিবর্তন। মোট ১০টি ইউরোপীয় দেশ নতুন কোচ নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচগুলোর পর শুক্রবারে সবার নজর থাকবে আরেক কিংবদন্তি জিনেদিন জিদানের দিকে।
ফ্রান্সের কোচ হিসেবে দীর্ঘ প্রতীক্ষার পর অভিষেক হতে যাচ্ছে জিদানের। ৫৪ বছর বয়সী সাবেক এই তারকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন। দেশমের ১৪ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হয়েছে এ গ্রীষ্মে।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিদান জানিয়েছেন, ফ্রান্সের দায়িত্ব পাওয়ার সুযোগের অপেক্ষায় তিনি গত পাঁচ বছর ক্লাব পর্যায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
জিদানের আগমনে ফ্রান্সের দলেও তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে তার সাবেক আইডলের দায়িত্ব নেওয়াকে বলেছেন, ‘সিনেমার মতো, কিন্তু সত্যি।’
শুধু ক্লপ, জাভি কিংবা জিদানই নন, ইউরোপের আরও কয়েকটি বড় দলেও শুরু হচ্ছে নতুন অধ্যায়।
বর্তমান নেশন্স লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল এবার জর্জে জেসুসের অধীনে খেলবে। আজ রাতেই ওয়েলসের মুখোমুখি হবে তারা। ইতালি ফিরিয়ে এনেছে ২০২০ ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনিকে। সংকটে থাকা আজ্জুরিদের আবার পথে ফেরানোর দায়িত্ব তার কাঁধে।
তবে ইউরোপের সব জায়গায় পরিবর্তনের হাওয়া লাগেনি। স্পেনে বহাল থাকছেন লুইস দে লা ফুয়েন্তে। ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি পাওয়া বিশ্বচ্যাম্পিয়নদের কোচ শনিবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন।









