গত ৭ এপ্রিল ঘরোয়া হকির দলবদল শেষ হয়েছে। ঊষা ক্রীড়া চক্র ছাড়া অন্য সবাই এই দলবদলে অংশ নিয়েছে। এখন টার্ফে খেলা গড়ানোর সময়ও চূড়ান্ত করে ফেলেছে লিগ কমিটি। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে ক্লাব কাপ। এরপর প্রিমিয়ার লিগ হবে ২৮ এপ্রিল থেকে।
গত বছর প্রিমিয়ার হকি লিগ হয়নি। এক বছর পর ঘরোয়া হকি টার্ফে গড়াতে যাচ্ছে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পুরানো ঢাকার জায়ান্ট ঊষা ক্রীড়া চক্র দলবদলে অংশ নেয়নি। লিগে না খেলার কথা বলেছেন কর্মকর্তারা।
এবার ঘরোয়া হকির বেশ কিছু ম্যাচ হবে ফ্লাড লাইটে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্লাব কাপ ও প্রিমিয়ার হকি লিগ শুরুর তারিখ নির্ধারণ হয়েছে। ঊষা দলবদলে না এলেও লিগে তাদের খেলার সুযোগ আছে। লিগ শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তারা কী করে, সেটাই এখন দেখার।’
এবার ফেডারেশন হার্ডলাইনে। কোনও দল লিগে অংশ না নিলে অবনমনের ইঙ্গিত দিয়েছে। যদিও গত কয়েক বছরে এমন একাধিক ক্লাব লিগে না খেললেও ফেডারেশন কাউকেই অবনমন করতে পারেনি।








