আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় যুব হকি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছে ১৮টি দল। চলতি মাসের শুরুতে দেশব্যাপী ৫৭ জেলা ও সংস্থা নিয়ে ৯ ভেন্যুতে এই চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব মাঠে গড়ায়। তবে এখনই চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে না।
আগামী ২৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হবে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। এই লিগের পরেই মাঠে গড়াবে যুব হকির চূড়ান্ত পর্ব।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আপাতত চূড়ান্ত পর্ব হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে হবে। ১৮টি দলকে চার গ্রুপে রেখে শিরোপা নির্ধারণী হবে। আমরা অচিরেই সভা করে সময় সূচি ঘোষণা করবো।'
চূড়ান্ত পর্বে যেই দলগুলো উঠেছে- বিকেএসপি, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও নাটোর।









