চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!

তানজীম আহমেদ
১০ অক্টোবর ২০২৬, ২০:০৯ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২০:১০

একটি শহর, যেখানে হকি শুধু খেলা নয় ইতিহাস, ঐতিহ্য আর মানুষের আবেগেরও অংশ। আছে আন্তর্জাতিক মানের অবকাঠামো, ইনডোর স্টেডিয়াম, টার্ফ, পাঁচ তারকা হোটেল। আছে হকির জন্য আলাদা জাদুঘরও। সেখানে যত্ন করে সংরক্ষণ করা হয়েছে হাজার বছরের পুরোনো খেলার ইতিহাস থেকে শুরু করে আধুনিক হকিতে চীনের সাফল্যের নানা স্মৃতি। এমনকি ১৯৮৫ সালে এশিয়া কাপ খেলতে চীনের বাংলাদেশ সফরের ছবিও জায়গা পেয়েছে সেই জাদুঘরে। চীনের মকি শহরে হকির এমন আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের কোচ ও কর্মকর্তারা। মুগ্ধতার পাশাপাশি তাদের মনে জেগেছে আক্ষেপ। বাংলাদেশের হকিরও যে সমৃদ্ধ ইতিহাস আছে, কিন্তু তা ধরে রাখার মতো জাদুঘর তো নেই!

চীনের উত্তর-পূর্বাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় অবস্থিত মকি শহর হকির জন্য সুপরিচিত। স্থানীয় সংস্কৃতির সঙ্গে খেলাটির সম্পর্ক গভীর। চীনের হকির গোড়াপত্তন ও বিস্তারে এই শহরের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় দলের অনেক খেলোয়াড়ই উঠে এসেছেন এখান থেকে। বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া চীনের হকি দলের প্রায় এক-তৃতীয়াংশ খেলোয়াড় ছিলেন এই অঞ্চলের। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টও নিয়মিত আয়োজন করা হয় এখানে। সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ও অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপের মতো প্রতিযোগিতাও হয়েছে মকিতে।

জাদুঘরের অভ্যন্তরের দৃশ্য। জাদুঘর দেখে মুগ্ধতা

ইনার মঙ্গোলিয়ার মকিতে অবস্থিত হকি জাদুঘরে তুলে ধরা হয়েছে চীনের হকির ইতিহাস, ঐতিহ্য এবং এই অঞ্চলের সাফল্যের গল্প। মকি অঞ্চলে বসবাসকারী দাউর সম্প্রদায়ের সঙ্গে হকির সম্পর্ক প্রায় হাজার বছরের পুরোনো। তাদের ঐতিহ্যবাহী খেলা ‘বেইকো’ আধুনিক ফিল্ড হকির সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। উৎসবের সময় রাতে কাঠের বল জ্বালিয়ে এই খেলা খেলার জন্য ঐতিহ্যও ছিল তাদের। প্রাচীন সেই ক্রীড়াসংস্কৃতির স্মৃতি ধরে রাখতেই জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মকি থেকেই চীনের আধুনিক ফিল্ড হকির যাত্রা শুরু। ১৯৭৬ সালে চীনের প্রথম পুরুষ জাতীয় হকি দল এবং ১৯৮০ সালে প্রথম নারী জাতীয় দল গঠিত হয় এই শহরেই। এ কারণে মকিকে চীনের ‘হকির শহর’ বলা হয়।

বিশ্বের মাত্র দুটি পূর্ণাঙ্গ ইনডোর হকি টার্ফের একটি রয়েছে এই শহরে। অক্টোবরে খেলার ফাঁকে মকির হকি জাদুঘর ঘুরে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের সহকারী কোচ মওদুদুর রহমান শুভর। সেখানকার অবকাঠামো ও আয়োজন দেখে বিস্মিত হয়েছেন তিনি।

বাংলা ট্রিবিউনকে শুভ বলেছেন, ‘মকি শহরে হকির অবকাঠামো দেখে আমরা তো অবাক। ইনডোর স্টেডিয়াম এক কথায় চমৎকার। টার্ফের মাঠও দারুণ। পাশেই পাঁচ তারকা হোটেল। আর যখন শুনতে পেলাম হকির ওপর জাদুঘরও আছে, সেটিও দেখতে গেলাম একসময়। হকির ওপর জাদুঘর হতে পারে, তা চিন্তাও করিনি।’

জাদুঘর ঘুরে দেখে বাংলাদেশের জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকারের উপলব্ধি, এটি কেবল প্রদর্শনীর জায়গা নয়; বরং একটি প্রাচীন জনগোষ্ঠীর সঙ্গে হকির হাজার বছরের সম্পর্ক এবং আধুনিক খেলাটিতে একটি দেশের শক্তিশালী হয়ে ওঠার ইতিহাসের প্রতীক।

বিকেএসপিতে কোচ হিসেবে কাজ করা শুভ আরও বলেন, ‘জাদুঘরে কী নেই! কীভাবে তাদের হকির প্রচলন হয়েছে, এখন পর্যন্ত হকিকে ঘিরে কী কী অর্জন; সাফল্যগাথাসহ অনেক কিছু সেখানে শোভা পেয়েছে। আপনি দেখলে চমকে যাবেন। একটা খেলার ইতিহাস-ঐতিহ্য এভাবে যে ধরে রাখা সম্ভব! চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।’

শুধু নিজেদের সাফল্য নয়, দেশের বাইরে খেলা বিভিন্ন টুর্নামেন্টের স্মৃতিও যত্ন করে সংরক্ষণ করেছে চীন। ১৯৮৫ সালে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে এসেছিল চীনের দল। সেই সফরের ছবিও রয়েছে জাদুঘরে। ছবিতে দেখা যায়, তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে চীনের জাতীয় হকি দলের সদস্যরা।

শুভ বলেন, ‘আমরা তো ওদের হকির ইতিহাস-ঐতিহ্য দেখে অবাক। আরও অবাক হলাম ঢাকার একটি ছবি দেখে। তৎকালীন প্রেসিডেন্ট প্রয়াত এরশাদের সঙ্গে তাদের জাতীয় দলের ছবি। সেটি সুন্দর করে জাদুঘরে টাঙানো আছে। একটি খেলাকে শুরু থেকে কীভাবে একটি ফ্রেমে ধরে রাখতে হয়, তা তাদের কাছ থেকে শেখার আছে।’

জাদুঘরে কোচ শুভ। বাংলাদেশের হকিতে আক্ষেপ

বাংলাদেশের হকির ইতিহাসও কম সমৃদ্ধ নয়। স্বাধীনতার আগে থেকেই এ দেশে খেলাটির প্রচলন। প্রতাপ শঙ্কর হাজরা অবিভক্ত পাকিস্তানের হয়ে হকিতে প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশের হয়েও খেলেছেন। স্বাধীনতার পর এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ। এএইচএফ কাপেও সাফল্য রয়েছে। বিশ্ব একাদশ ও এশিয়ান অল স্টার দলেও বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব ছিল। দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হিসেবে হকির পরিচিতিও রয়েছে।

অথচ এত ইতিহাস ও সাফল্য সত্ত্বেও হকির স্মৃতি সংরক্ষণের জন্য নেই কোনো জাদুঘর। অবকাঠামোগত সীমাবদ্ধতাও প্রকট। চীনের আয়োজন দেখে তাই মুগ্ধ হওয়ার পাশাপাশি আক্ষেপও হয়েছে শুভর। তিনি বলেন, ‘চীনের অবকাঠামো দেখে অবাক হওয়ার পাশাপাশি খারাপও লেগেছে। হকির জন্য তারা ইনডোর স্টেডিয়াম করেছে। আমাদের হকির জন্য মাত্র একটি স্টেডিয়াম। জাদুঘর তো দূরের কথা। নতুন প্রজন্ম বা কেউ যদি আমাদের ইতিহাস কিংবা ঐতিহ্য জানতে চায় বা দেখতে চায়, তাহলে মুখে বলা ছাড়া উপায় নেই। আমাদের উচিত সব স্মৃতি ধরে রেখে এমন একটি জাদুঘর নির্মাণ করা। তাহলে নতুন প্রজন্মও খেলাটি সম্পর্কে বুঝতে পারবে।’

হকিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই জাদুঘর। হকিকে ঘিরে রয়েছে মানুষের উন্মাদনাও

মকিতে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়েরা শুধু জাদুঘর কিংবা অবকাঠামো দেখেই মুগ্ধ হননি, দেখেছেন হকিকে ঘিরে স্থানীয় মানুষের উন্মাদনাও। গ্যালারি থেকে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় খেলাটির প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ পেয়েছে।

জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ মাহবুব হারুন টুর্নামেন্ট চলাকালে সেখানে ছিলেন। মকির হকিপ্রেম তাকেও বিস্মিত করেছে।

হারুন বলেন, ‘মকি হকির জন্য বিখ্যাত শহর, তা আগে জানতাম। কিন্তু সেখানকার সবাই হকিকে এতটা ধারণ করে, তা আগে বুঝিনি। গ্যালারিতে খেলা দেখার সময় তাদের উপস্থিতি দেখেছি। হকির প্রতি তাদের ভালোবাসাও অন্য রকম। এমনকি রাস্তায় যখন তারা জানতে পারলো আমরা বাংলাদেশ থেকে এসেছি হকি দল নিয়ে, তখন সবাই ছবি তুলতে চাইলো। টুকটাক কথা বললো। এগুলো শুধুই হকির জন্য। আমাদের দেশেও এমন উন্মাদনা থাকলে ভালো হতো। আসলে তখন নিজের কাছে কিছুটা খারাপই লেগেছে।’

ঐতিহ্য সংরক্ষণে আশার কথা

চীনের মকিতে হকির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য রয়েছে আলাদা জাদুঘর। বাংলাদেশেও সমৃদ্ধ হকি-ঐতিহ্য থাকলেও তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ এখনো নেই। ভবিষ্যতে এ বিষয়ে কাজ করার সম্ভাবনা দেখছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক।

তিনি বলেন, ‘আমরা কিছুদিন হলো দায়িত্ব নিয়ে কাজ করছি। খেলাটাকে মাঠে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। আমাদের হকিকে ঘিরে অনেক পরিকল্পনা আছে। সামনের দিকে হয়তো দেশের হকির ঐতিহ্য সংরক্ষণ নিয়ে কাজ করার সুযোগ আছে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বাঁচার জন্য মেয়েটা ধান ক্ষেতে ছোটাছুটি করেছে, জানোয়ারটা বাঁচতে দিলো না
বাঁচার জন্য মেয়েটা ধান ক্ষেতে ছোটাছুটি করেছে, জানোয়ারটা বাঁচতে দিলো না
চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি
চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প