আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তা যে পরিস্থিতিতেই হোক না কেন। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তাদের মধ্যে ছড়ায় উত্তেজনা। সময়ের পালাবদলের সঙ্গে সেই উত্তেজনা কিছুটা কমলেও মাঠে ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চটা আছে ঠিক আগের মতোই। থাকল সোমবারের ম্যাচেও। যে ম্যাচে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে গেছেন রকিবুল হাসান। খেলেছেন ১৯০ রানের ঝলমলে ইনিংস।
সোমবার উত্তেজনাকর ম্যাচে তিনটি সেঞ্চুরি এসেছে বিকেএসপিতে। চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী দুই ক্লাব। ম্যাচটিতে প্রথম ইনিংসে আবাহনীর দুই টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। এরপর মোহামেডানের হয়ে তাদেরকে ছাড়িয়ে গেছেন রকিবুল। শুধু তাদের কেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংস ছিল চামারা কাপুগেদারার অপরাজিত ১৬১ রানের, সোমবার সেই ইনিংসটা ছাড়িয়ে রকিবুল খেলছেন ১৯০ রানের ইনিংস। আফসোস কেবল মাত্র ১০ রানের জন্য পাননি ডাবল সেঞ্চুরির দেখা!
টসে জিতে আগে ব্যাটিং করা আবাহনী নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে ৩৬৬ রান সংগ্রহ করে। লিটন শুরু থেকেই মোহামেডানের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন। ১০৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় তিনি চলতি মৌসুমের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। অনিয়মিত বোলার শামসুর রহমানের বলে আউট হওয়ার আগে ১৩৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। আউট হওয়ার আগে নাজমুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন।
তবে এই সঙ্গীকে হারিয়েও চুপসে যাননি নাজমুল। চলতি মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। এর আগে এই মৌসুমেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তরুণ এই ব্যাটসম্যান। ওই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। কামরুল ইসলাম রাব্বির বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৩ চার ও ৬ ছক্কায় তিনি ১১০ রানের ইনিংস খেলেছেন। আর সেই লিটন-নাজমুলের ব্যাটেই ৩৬৬ রানের বড় সংগ্রহ পায় আবাহনী।
পাহাড় সমান লক্ষ্যের পেছনে ছুটতে নেমে অধিনায়ক রকিবুলের অসাধারণ এক ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৭ রানে হারলেও দিনটা রাঙিয়ে নিয়েছেন রকিবুল। ১৩৮ বলে ১৯০ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭ চার ও ১০ ছক্কায়। তার আগে ৬২ বলে পূরণ করা তার ঝোড়ো সেঞ্চুরিটি সাজিয়েছিলেন ৮ বাউন্ডারি ও ৭ ছক্কায়।
/আরআই/এফআইআর/কেআর/







