আবারও জেলে যেতে হচ্ছে 'ব্লেড রানার' খ্যাত অস্কার পিস্টোরিয়াসকে। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে প্যারা-অলিম্পিকে ৬ বারের স্বর্ণজয়ী পিস্টোরিয়াসকে ৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার আদালত। আজ বুধবার এ রায় ঘোষণা করেন আদালত। দুই পা বিহীন পিস্টোরিয়াস ধাতব পা লাগিয়ে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটারে দৌড়েছিলেন। সেই থেকে বিশ্ব তাকে চেনে ‘ব্লেড রানার’ হিসেবে।
বুধবার প্রায় এক ঘণ্টা শুনানির পর বিচারক থোকোজিলে মাসিপা এই রায় ঘোষণা করনে। এরপর তাৎক্ষণিকভাবে পিস্টোরিয়াসকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার আইনে এর সর্বনিম্ন শাস্তি ১৫ বছরের জেল। তবে পিস্টোরিয়াসের প্রতিবন্ধকতা এবং মানসিক অবস্থা বিচার করে তার শাস্তি কিছুটা কমানো হয়েছে। এছাড়াও এর আগেই তিনি প্রায় এক বছর জেল খেটেছেন তাও বিবেচনায় আনা হয়েছে।
২০১৩-সালের ১৪ ফেব্রুয়ারি রাতে বান্ধবী রিভাকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। তবে তিনি এই খুনকে অনিচ্ছাকৃত বলে আসছেন বারবার। তার দাবি, শোবার ঘরের বাথরুমে চোর ঢুকেছে ভেবে তিনি বন্ধ দরজার বাইরে থেকেই গুলি চালিয়েছিলেন। ভিতরে রিভা ছিলেন সেটা জানতেন না বলে দাবি করে আসছেন তিনি।
স্টিনক্যাম্পকে ‘পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে ২০১৪ সালের অক্টোবরে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। সে রায় উল্টে দিয়ে ২৯ বছর বয়সী পিস্টোরিয়াসকে সরাসরি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় আপিলের রায়ে। গত ডিসেম্বরে ওই রায়ে বলা হয়, অনিচ্ছাকৃত নরহত্যা নয়, দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস দুই বছর আগে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে জেনেশুনেই হত্যা করেছিলেন।
পিস্টোরিয়াসের পা নেই। তবে নকল পা লাগিয়ে লন্ডন অলিম্পিকে ট্রাকে ফিরে রেকর্ড গড়েছিলেন পিস্টোরিয়াস। স্পেশাল অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে রয়েছে তার একাধিক স্বর্ণপদক।
/এমআর/







