এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের শিরোপা অক্ষুণ্ন রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি তাদের টানা ২০ তম জাতীয় হ্যান্ডবল শিরোপা। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী খেলায় বিজিবি ৩৫-২৯ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
বিজিবি প্রথমার্ধেই ১৭-১৩ গোলে এগিয়ে যায়। দলের পক্ষে মীর খায়রুজ্জামান ৮টি ও সুধন বড়ুয়া ৫টি গোল করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মাহবুবুল হক ও চিনু মং ৯টি করে গোল করেন।
এদিকে, ফাইনালের আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আনসার ৩৬-২৬ গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করেছে। বিজয়ীদল প্রথমার্ধে ১৯-১০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে সাইদুর রহমান ৮টি, রাকিবুল হোসেন ও আক্তারুজ্জামান ৭টি করে গোল করেন। চট্টগ্রাম জেলার পক্ষে মেসবাহ উদ্দিন ৬টি ও সুমন সাহা ৫টি গোল করেন।
বিজিবির ২নং জার্সিধারী খেলোয়াড় ইমদাদুল হক প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা, সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানা,ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম,সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক এস. এম. খালেকুজ্জামান স্বপন এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সহকারী সম্পাদক মো. সেলিম মিয়া।
/আরএম/এএ/








