সবশেষ জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা হয়েছিল করোনাভাইরাস পরীক্ষা ছাড়াই। তবে এবার জাতীয় প্রতিযোগিতায় থাকছে কঠোর বিধি নিষেধ। করোনা ‘নেগেটিভ’ সার্টিফিকেট নিয়েই অ্যাথলেটদের অংশ নিতে হবে অ্যাথলেটিকসে।
কাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এতে ৬৪টি জেলা ও ৮টি বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০ জন অ্যাথলেট অংশ নেওয়ার কথা। অংশ নেওয়ার আগে অ্যাথলেটদের ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই মাঠে আসতে হবে।
এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। এবার সবাইকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে খেলতে হবে।’
৩৬টি ইভেন্টে এবার বিজয়ীরা যথাক্রমে ৩, ২ ও ১ হাজার টাকা করে অর্থ পুরস্কার পাবে। এছাড়া রেকর্ডধারীরা পাবে ৫ হাজার টাকা।
এবারের আসরে ইলেকট্রনিক টাইমার ব্যবহৃত হচ্ছে না। প্রতিযোগিতায় হ্যান্ড টাইমিং-ই ভরসা। কী কারণে এমনটা করা হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছে ফেডারেশন। মন্টু অসহায় সুরে বলেছেন, ‘ইলেকট্রনিক টাইমার ব্যবহার করতে হলে অনেক কিছু প্রয়োজন। এর মধ্যে টেকনিক্যাল লোকবল অন্যতম। যা এই মুহূর্তে সম্ভব নয়। তবে আগামীতে চেষ্টা করবো।’








