বাংলাদেশ পুলিশ কাবাডি দলের নিয়মিত অধিনায়ক মাসুদ করিম। জাতীয় দলেও টানা চার বছর অধিনায়কত্ব করেছেন এই ৩৪ বছর বয়সী তারকা। তবে চোট পেয়ে প্রায় ৮ মাস বিছানায় সময় কাটছে তার। কাবাডি থেকে আছেন দূরে। মাঝে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের শিরোপাতে আনন্দিত হয়েছিলেন। এবার ঘরোয়া সার্ভিসেস কাবাডি লিগে নিজ বাহিনী পুলিশ দলের হার দেখে মন কাঁদছে তার।
আজ (বুধবার) সার্ভিসেস লিগে নৌবাহিনীর কাছে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশ দল হেরেছে ২৯-২৫ পয়েন্টে। মাসুদ করিম বিছানায় শুয়ে কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে খেলা দেখেছেন। দলের হারের পর ফেসবুক পেজে লিখেছেন, ‘ভালো খেলেছো দলের সবাই। এটা হার নয়, তোমারা বীরত্বের সাথে সামর্থ্য দেখিয়েছো। তোমরাই সামনে জিততে পারবে ইনশাআল্লাহ। তবে আজকের ম্যাচটি আমি খুব মিস করেছি, কেননা আমি থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।’
এরপর বাংলা ট্রিবিউনকে এই রেইডার বলেছেন, ‘নৌবাহিনীর বিপক্ষে আমি খেলতে পারলে দল জিততে পারতো। শেষের দিকে রেইডার হিসেবে নেমে পয়েন্ট নিতে পারলে হার এড়ানো যেত। আর তা সম্ভবও ছিল। আসলে নৌবাহিনীর বিপক্ষে ম্যাচটি সবসময় আমাদের জন্য অন্যরকম।’
গত ৩ নভেম্বর আন্তপুলিশ দলের খেলাতে বাঁ পায়ে ব্যথা পান মাসুদ। পরের দিন এভারকেয়ার হাসপাতালে হয় অস্ত্রোপচার। কাবাডি কোর্টে ফিরতে আরও দেড় বছর লাগবে তার। বর্তমানে অধিকাংশ সময় বিছানায় কাটছে। একটু একটু করে হাঁটতে পারছেন। তাও ঘরের মধ্যে সীমাবদ্ধ। মাসুদের বিশ্বাস, সময় লাগলেও একসময় কোর্টে ঠিকই ফিরবেন।









