এশিয়ান মেন্স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেও জয় পেয়েছে আলিপোর আরজির দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাতারকে হারিয়েছে ৩-২ সেটে।
বাহরাইনের রিফায় প্রথম সেটে বাংলাদেশ হার মানে ২৫-২০ পয়েন্টে। তবে পরের দুই সেট দুর্দান্তভাবে জিতে এগিয়ে যেতে সময় লাগেনি। দ্বিতীয় সেট ২৫-১৯ ও তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে জয় আসে।
চতুর্থ সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কাতার ২৫-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশকে। ২-২ সেটে সমতার পর টাইব্রেকারে বাংলাদেশ ১৫-৯ পয়েন্টে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের বিপক্ষে বিজয়ী দল। কাল শনিবার হবে সেমিফাইনালে উঠার ম্যাচ।









