ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি কমনওয়েলথ গেমসে তিন বারের স্বর্ণপদক জয়ী ও বিশ্বের সাবেক এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চ্যান চং মিং -এর তত্ত্বাবধানে ট্রেনিং সেশনের আয়োজন হচ্ছে। ব্যাডমিন্টনে আগ্রহীদের জন্য এই ট্রেনিং সেশন আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে।
পাঁচ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ব্যাডমিন্টন ক্যাম্পটি পাঁচটি সেশনে অনুষ্ঠিত হবে। ১৫ হাজার টাকা ফি পরিশোধ করে যেকোনও স্কুলের শিক্ষার্থীরা আইএসডি ক্যাম্পাসে এসে এই প্রশিক্ষণ নিতে পারবে। অপরদিকে, প্রাপ্তবয়স্কদের জন্য এই প্রশিক্ষণ দুটি সেশনে অনুষ্ঠিত হবে এবং আগ্রহী যেকোনও ব্যক্তি ১০ হাজার টাকা ফি পরিশোধ করে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
চ্যান চং মিং এথেন্স অলিম্পিক গেমস ২০০৪ ও চার বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছিলেন। তিনি একসময় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। তিনি তার পুরো ক্যারিয়ারে কমনওয়েলথ গেমসে মোট ৩টি স্বর্ণপদক জিতেছেন এবং তিন বার ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।









