সামনে বিশ্ব অ্যাথলেটিকস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়াও এশিয়ান গেমস রয়েছে। এই ইভেন্টগুলোর প্রস্তুতির জন্য বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সুইজারল্যান্ডে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকসে অংশ নেন। সেখানে তৃতীয় হয়েছেন।
শনিবার ১০০ মিটার স্প্রিন্টে ইমরান ১০ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। অস্ট্রেলিয়ার কেনেডি লাচলান ও আয়ারল্যান্ডের ওলাটুন্ডে ইসরায়েল সমান ১০ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। তবে বিচারকদের রায়ে প্রথম অস্ট্রেলিয়ার ও দ্বিতীয় হয়েছেন আয়ারল্যান্ডের অ্যাথলেট।
সুইজারল্যান্ডে এই ইভেন্টে অংশ নিয়েই নিজের স্থায়ী ঠিকানা ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন ইমরান। সুইজারল্যান্ডের বিমানবন্দর থেকে ইমরান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার ফ্লাইট থাকায় দ্রুত বিমানবন্দরে আসতে হয়েছে। ভালো প্রস্তুতি হয়েছে। তৃতীয় হওয়ায় হয়তো কিছু আর্থিক পুরস্কার আয়োজকরা আমাকে পাঠাবে। সেই অঙ্কটা জানি না।'
এই বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরান৷ এবারও আসন্ন গেমস ও টুর্নামেন্টে তাকে ঘিরে আশাবাদী অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, 'ইমরানুর সুইজারল্যান্ডের প্রতিযোগিতায় ভালো করেছে। আমরা সামনের গেমস ও টুর্নামেন্টে তাকে ঘিরে বেশ ইতিবাচক। আশা করছি ও ভালো করতে পারবে।'









