জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। এই দিনটি সারাদেশে নানানভাবে উদযাপিত হচ্ছে। তবে দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেড একটু অন্যভাবে পালন করছে দিনটি। বিশেষ করে দেশের এই প্রথম আধুনিক ক্লাবটির প্রতিষ্ঠা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের হাত ধরে। তাই ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী নানান কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধু তনয়কে স্মরণ করা হয়েছে।
বিকালে ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভাতে ক্লাবটির চেয়ারম্যান ও পরিচালক ছাড়াও তার সতীর্থরা ছিলেন। ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এ দিনটিকে শুভ আখ্যায়িত করে বলেছেন, ‘আজ ৫ আগস্ট। আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও আগস্ট মাস শোকের মাস। তবু এ দিনটি আমাদের জন্য শুভ দিন। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।’
এরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক বলেছেন, ‘এই মাসে আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অত্যন্ত বিয়োগান্তক ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন, সাড়ে তিন বছরের মাথায়; তখন তাকে হত্যা করা হয় বাংলাদেশের অগ্রযাত্রাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়ার জন্য। এরপর কালো অমানিশা নেমে আসে। সামরিক শাসনের মেঘ ছেয়ে যায় বাংলার আকাশে। এর ২১ বছর পর তা ছিন্ন করতে সক্ষম হন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শেখ কামালের গুণাবলীর কথা তুলে ধরে কাজী নাবিল বলেছেন, ‘আজকে আমরা মিলিত হয়েছি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সম্পর্কে আলোচনা করার জন্য। আরও বেশি খুশির দিন আজ। বাংলাদেশে প্রথম যেই ক্লাবটির নাম দিয়েছিলেন আবাহনী। যার অর্থ আবাহন, কাছে ডাকা, মানুষকে একত্রিত করা। তার সম্মোহনী শক্তি ছিল। মানুষকে একত্রিত করতে পারতেন। ভালো কাজে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারতেন। সেই একক ক্ষণজন্মা পুরুষ আমাদের শেখ কামাল। যাকে আমাদের দেখা সৌভাগ্য হয়নি।’
শেখ কামালের জন্মদিন জাতীয়ভাবে পালিত হচ্ছে। তাই কাজী নাবিল উচ্ছ্বসিত, ‘এখন আমাদের যারা পূর্বসূরি আছেন তারা এখনও আমাদের মাঝে আছেন বলে তাদের কাছ থেকে এখনও তার কথা শুনতে পাই। আরও বেশি খুশির দিন যে জাতীয়ভাবে সারা বাংলাদেশে জন্মদিনটি পালিত হচ্ছে। ধন্যবাদ দিতে চাই আমাদের শহীদ শেখ কামালের বড় বোন, আবাহনী ক্লাবের আরও একজন প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ কামালের আহবান সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছেন।’
আগে আবাহনী লিমিটেডে শেখ কামালকে স্মরণ করা হতো। জাতীয়ভাবে করায় এখন সারাদেশে স্মরণ করা হয়। তাই কাজী নাবিল বলেছেন, ‘তিনি কেবল মাত্র আবাহনীর গণ্ডির মধ্যে নেই। বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে শেখ কামালের বার্তা। এই জন্য আজকে আমরা আরও বেশি কৃতার্থ। যে আমাদের কাজ শেখ কামাল শুরু করে দিয়েছেন, সকলে মিলে চেষ্টা করছি তা চালিয়ে যেতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে।’
আবাহনী ক্লাবের সাফল্যের ফিরিস্তি তুলে ধরে কাজী নাবিল ব্যাখ্যা দিয়েছেন এভাবে,‘আজ আমরা আবাহনী ক্লাবের চত্বরে মিলিত হয়েছি। এটুকু বলতে চাই, যে মৌসুম শেষ হয়েছে। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপে আমরা রানার্সআপ হয়েছি। ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছি। হকি এখনও শুরু হয়নি। আশা করছি সামনের মৌসুমে নিজেদের নতুন করে গুছিয়ে নেবো। ভালো মতো মৌসুম শুরু করতে পারবো।’
আবাহনী লিমিটেডে কমপ্লেক্সের কাজ চলছে। আগের চেয়ে আরও সুন্দর পরিবেশ হতে যাচ্ছে। তাই কাজী নাবিল বলেছেন, ‘মূল কাজ হলো খেলা। খেলার জন্য দরকার ছিল দীর্ঘদিন ধরে পরিবেশ। আগেই আবাহনী মাঠ বরাদ্দ দিয়েছেন। গতবার চেয়ারম্যানের নেতৃত্বে ডিজাইন দেওয়া হয়েছে। তা দ্রুত গতিতে কাজ চলছে। আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আরও ভালো দিন সামনে আছে।’









