বিশ্বের অন্যতম বড় ক্রীড়া উৎসব অলিম্পিক গেমস। ১৯৮৪ সাল থেকে সেখানে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। এবার ২০২৪ সালের জুলাইয়ে প্যারিসে হতে যাচ্ছে এই গেমস। আপাতত ৬ ডিসিপ্লিনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)।
এর মধ্যে চার ডিসিপ্লিনের জন্য ওয়াইল্ড কার্ড আবেদনের সিদ্ধান্ত হয়েছে আজকের বিওএর সভায়।
শুটিং, আর্চারি, বক্সিং ও গলফ- এই চার ডিসিপ্লিনে ওয়াইল্ড কার্ড বরাদ্দ চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া সাঁতার ও অ্যাথলেটিকসে সরাসরি কোটা পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ, সুযোগ আছে আরও।
বাংলাদেশ থেকে এর আগে শুধু ২০১৬ সালে রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এবং ২০২০ টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা বাছাই পর্ব পেরিয়ে সরাসরি অংশ নিয়েছিলেন। এবার যদি তেমন কিছু হয় তাহলে সেক্ষেত্রে অ্যাথলেট সংখ্যা বাড়লেও বাড়তে পারে।









