বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের পোস্টার বয় সুরো কৃষ্ণ চাকমা। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে অপরাজিত আছেন। আগের সব প্রতিপক্ষকে করেছেন ধরাশায়ী। এবার রাঙামাটি থেকে উঠে আসা বক্সারের সামনে আরেক কঠিন প্রতিপক্ষ। থাইল্যান্ডের অন্যতম সেরা বক্সার সর্নরাম সোপাকুলের মুখোমুখি হতে যাচ্ছেন সুরো।
আগামীকাল বৃহস্পতিবার ব্যাংককের রিংয়ে বাংলাদেশ সময় বিকালের ম্যাচে জয়ের আশায় সুরো। লাইটওয়েট বিভাগে ৬ রাউন্ডে হতে যাওয়া ম্যাচ নিয়ে সুরো বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার চেয়ে থাই বক্সার অভিজ্ঞতায় এগিয়ে। থাইল্যান্ডে বক্সারদের মধ্যে সেরা ২০ এ আছে সে। কোনও সংশয় নেই সে শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমি আশাবাদী, ম্যাচ জিততে পারবো। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’
আজই সেখানে ওজন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সুরো চাইছেন কাল ম্যাচ খেলে ৭-০ তে এগিয়ে যেতে। এখন দেখার অপেক্ষা, তার চাওয়া পূরণ হয় কিনা।









