যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নিয়ে শুরু থেকে ক্রীড়াঙ্গন সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অন্যতম শীর্ষ কর্মকর্তা রশিদুজ্জামান সেরনিয়াবাতকে চেয়ারম্যানের (পদাধিকার বলে ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব পদ থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে বদলির আদেশ হয়েছে।
রশিদুজ্জামান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচিত মুখ। চেয়ারম্যানের একান্ত সচিব ও দীর্ঘদিন কর্মরত থাকায় প্রভাবশালী কর্মকর্তাও ছিলেন। ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের হয়ে তার অতিরিক্ত বিদেশ সফর নিয়ে বেশ সমালোচনাও আছে। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ কিংবা আর্চারি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে বিদেশ সফর করেছেন প্রায়ই।
এছাড়া আর্চারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ নিয়েও ক্রীড়াঙ্গনে সমালোচনা আছে। পাশাপাশি এনএসসির আভ্যন্তরীণ অনেক বিষয়ের সিদ্ধান্তে তার বেশ প্রভাব ছিল বলে জানা গেছে। তাছাড়া সেখানে টেন্ডার বাণিজ্য সহ নানান অনিয়মের পিছনে তার ইন্ধন নিয়েও কম গুঞ্জন নেই।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে রশিদুজ্জামান কাজ করছিলেন প্রায় তিন দশক। আজ ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে তার বদলির বিষয়টি নিশ্চিত হয়েছে।








