বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৬, ১৯:২১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৯:২১

একদিকে ভারতের একের পর এক গোল, অন্যদিকে ব্যবধান কমানোর লড়াই। শেষ পর্যন্ত শক্তির পার্থক্যই স্পষ্ট হয়ে উঠলো বেগম খালেদা জিয়া নেশনস হ্যান্ডবল ট্রফিতে। বাংলাদেশকে ৪৩-১৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। তবে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ফাইনালে খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি।

সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধেই ২৪-৮ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখে শেষ পর্যন্ত ৩০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় তারা।

ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন ভাওয়ানা। একাই ১৩ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ঢাকার মনসুর আলী স্টেডিয়াম তার কাছে অবশ্য নতুন নয়। এর আগেও বাংলাদেশে এসে স্থানীয় ক্লাবের হয়ে লিগ খেলেছেন এই ভারতীয় খেলোয়াড়।

ম্যাচ শেষে ভাওয়ানা বলেন, ‘আমি এখানে তৃতীয়বার এসেছি। এর আগে এখানে দুবার লিগ খেলেছি, স্থানীয় ক্লাবের হয়ে। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব ভালো, তাঁরা আমাদের সমর্থন করেন। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো।’

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী ভাওয়ানা। তিনি বলেন, ‘আমাদের দলের সমন্বয় খুব ভালো। আমরা ফাইনালে পদক নিয়েই ফিরব।’

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ভারত। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করেছে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে ভারত।

অন্যদিকে ভারতের কাছে হারলেও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হতে পারবে বাংলাদেশ। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।

ভারতের কাছে হারের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো দুই দলের প্রস্তুতি ও দক্ষতার পার্থক্যের কথা তুলে ধরেছেন। তার মতে, ভারত গত এক বছর ধরে কঠোর পরিশ্রম করেছে। বাংলাদেশও পরিশ্রম করছে, তবে দুই দলের প্রস্তুতি ও সক্ষমতার স্তরে পার্থক্য রয়েছে।

আনা আলোনসো বলেন, ‘আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে; আর অন্যটি হলো বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে, তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়।’

তবে এই ব্যবধান কমিয়ে ভবিষ্যতে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য বাংলাদেশের। কোচের ভাষায়, ‘আমাদের লক্ষ্য হলো আগামী মাস বা বছরগুলোতে উন্নতি করা এবং আরও ভালো করা, যাতে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারি।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ক্যাম সেন্টার কী 
স্ক্যাম সেন্টার কী 
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ