উইম্বলডন একমাত্র গ্র্যান্ডস্লাম যা ঘাসের কোর্টে খেলা হয়। আগামী মাসে অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠেয় টুর্নামেন্টের আগে ফেভারিট নোভাক জোকোভিচকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারেজ। উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্ট কুইন্স ক্লাবের শিরোপা জিতেছেন তিনি। তাতে ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচকে টপকে ফের র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছেন এই স্প্যানিয়ার্ড।
আলকারেজ ৬-৪, ৬-৪ গেমে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়েছেন। মৌসুমের পঞ্চম শিরোপা জয়ের ছাপ রাখলেন র্যাঙ্কিংয়েও। কিন্তু কুইন্সে রাফায়েল নাদাল, পিট সাম্প্রাসদের মতো ট্রফি জিতে তাদের পাশে বসতে পারায় গর্ব হচ্ছে তার, ‘কিংবদন্তিদের মতো এই ট্রফিতে নিজেকে যুক্ত করতে পারা আমার কাছে অনেক বিশাল কিছু। এখানে অনেক কিংবদন্তি শিরোপা জিতেছেন। তাদের পাশে নিজের নামটি যুক্ত হওয়াটা আমার কাছে বিস্ময়কর।’
আলকারেজ কুইন্স ক্লাবসহ তৃতীয়বারের মতো ঘাসের টুর্নামেন্টে অংশ নিয়েছেন। কিন্তু ঘাসের কোর্টে শিরোপা জিতলেন এবারই প্রথম। আগামী মাসে একই ধরনের কোর্টে হবে উইম্বলডন। এই টুর্নামেন্টে আগের দুইবার চতুর্থ রাউন্ড পার হতে ব্যর্থ আলকারেজ এবার যে ভিন্ন কিছু করবেন, তার প্রমাণ দিয়ে রাখলেন কুইন্সে। ফলে উইম্বলডনে অষ্টম শিরোপার খোঁজে থাকা জোকোভিচের জন্য বড় হুমকি হতে পারেন তিনি।
উইম্বলডনে জোকোভিচের ভালো রেকর্ড থাকার পরেও তাতে শীর্ষ বাছাই থাকবেন আলকারেজ। যা এই তরুণের মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লাম।
শীর্ষ বাছাই হিসেবে উইম্বলডনে খেলতে নামা আলকারেজের প্রতিক্রিয়া, ‘এক নম্বর হয়ে উইম্বলডন খেলতে আসাটা অনেক সাহায্য করে। অবশ্যই এটা চমৎকার একটি ব্যাপার। কিন্তু যারা পাশে ছিলেন তাদের সমর্থন ছাড়া সেটা কখনও সম্ভব হতো না।’









