ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

একটা সময় চিকিৎসকেরা বলেছিলেন, এই শিশুর জীবন আর খেলাধুলা হয়তো আগের মতো থাকবে না। মাত্র চার বছর বয়সে টাইপ-১ ডায়াবেটিস ধরা পড়েছিল অ্যালেকজান্ডার জভেরেভের। কিন্তু চিকিৎসকদের সেই শঙ্কাকে পাত্তা দেননি তার মা ইরিনা। ছেলের সামনে সীমারেখা টেনে দিতে রাজি ছিলেন না তিনি। বলেছিলেন, ‘ছেলে যা হতে চায়, তাই হবে।’ সেই অটুট বিশ্বাসই যেন আজ ফিরে এলো সবচেয়ে বড় মঞ্চে। ইউএস ওপেন জিতে মাকে কৃতিত্ব দিতে গিয়ে আবেগে ভেসেছেন জার্মান তারকা।

সোমবার ফ্ল্যাশিং মিডোয় আমেরিকান বেন শেলটনকে ৬-৩, ৭-৬(২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই জভেরেভ। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামে তার অসাধারণ বছরটির পূর্ণতা এসেছে। বার বার কাছাকাছি গিয়েও ব্যর্থ হওয়ার তকমা পেছনে ফেলে তিনি এখন দুই গ্র্যান্ড স্লামের মালিক।

শিরোপা জয়ের পর অবশ্য নিজের কথা খুব বেশি বলেননি জভেরেভ। বরং তার কণ্ঠে বারবার ফিরে এসেছে পরিবার ও কাছের মানুষদের কথা। বিশেষ করে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ২৯ বছর বয়সী এই তারকা।

পেশাদার টেনিসে সাবেক খেলোয়াড় ইরিনা জভেরেভকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মানুষ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ, ছেলের চার বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ার পর চিকিৎসকেরা যখন খেলাধুলা ও জীবনে নানা সীমাবদ্ধতার আশঙ্কা করেছিলেন, তখন ইরিনা ভিন্ন পথ বেছে নিয়েছিলেন।

জভেরেভ বলেন, ‘‘যখন আপনার চার বছর বয়সী ছেলের ডায়াবেটিস ধরা পড়ে এবং চিকিৎসকেরা বলেন, ওই শিশুর জীবন ও খেলাধুলা খুব সীমিত হয়ে যাবে, তখন একজন মায়ের পক্ষে দৃঢ়ভাবে বলা, ‘আমার ছেলে যা হতে চায়, তাই হবে’- এর জন্য অনেক শক্ত হতে হয়।’’

তিনি আরও বলেন, ‘সে যদি টেনিস খেলোয়াড় হতে চায়, তাহলে টেনিস খেলোয়াড়ই হবে। সে অন্য কিছু করতে চাইলে সেটাই করবে। কিন্তু এই অসুখ আমাদের ভবিষ্যৎ ঠিক করবে না।’

মায়ের সেই বিশ্বাস যে তাকে কতটা শক্তি দিয়েছে, সেটিও জানিয়েছেন জভেরেভ,‘আমি খুশি যে আমরা সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে এসেছি এবং এখন যা করছি, তা করতে পারছি। আমার মা আমার পরিচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মানুষ। তিনি যা করেছেন, তা করতে অবিশ্বাস্য রকমের শক্ত একজন নারী হতে হয়।’

ইউএস ওপেন জয়ের পথে শুধু মায়ের নয়, পুরো পরিবারের অবদানের কথাও স্মরণ করেছেন জভেরেভ। তার দলের গুরুত্বপূর্ণ অংশ বাবা আলেকজান্ডার জভেরেভ সিনিয়র ও ভাই মিশচাও। দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগের ফল হিসেবেই আরেকটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে এসেছে বলে মনে করেন তিনি।

টোকিও অলিম্পিকে পাঁচ বছর আগে জেতা সোনার পদকের সঙ্গে এবার যোগ হয়েছে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। আর সেই সাফল্যের পেছনে পরিবারের দীর্ঘ পথচলাটাকেই সামনে এনেছেন জার্মান তারকা।

জভেরেভ বলেন, ‘প্রায় ৩০ বছর আমরা একটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারিনি। আর এখন মাত্র তিন মাসের মধ্যে আমরা দুটি জিতেছি।’

এই সাফল্যকে তিনি শুধু ২০২৬ সালের অর্জন হিসেবে দেখছেন না। বরং বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, সহ্য করা কষ্ট ও যন্ত্রণার ফল হিসেবেই দেখছেন। জভেরেভের ভাষায়, ‘আমার মনে হয়, ঈশ্বর দেখেছেন আমরা কত কঠোর পরিশ্রম করেছি, কতটা কষ্ট পেয়েছি, কতটা যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি। আমার মনে হয়, ২০২৬ সাল হলো এর আগের সব বছরের পরিশ্রমের ফসল।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা
দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার