গ্রাহকদের ভোগান্তি হওয়ায় ক্ষমা চাইলো মোবাইলফোন অপারেটর এয়ারটেল। বৃহস্পতিবার গণমাধ্যমে এয়ারটেল ‘মিডিয়া বিজ্ঞপ্তি’ পাঠিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। অপারেটরটি বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে তাদের নেটওয়ার্ক পুনরায় চালু করতে সমর্থ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
মিডিয়া বিজ্ঞপ্তিতে এয়ারটেল বলছে, গতকাল (বুধবার) যান্ত্রিক গোলযোগের কারণে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় এয়ারটেলের ২-জি নেটওয়ার্কের আওতায় সাময়িকভাবে নেটওয়ার্ক বিভ্রাট ঘটে। আমাদের নেটওয়ার্ক টিমের সঙ্গে পার্টনাররা অক্লান্ত পরিশ্রম করে নেটওয়ার্ককে সন্ধ্যা ৬টার মধ্যে পুনরায় চালু করেছে।
এয়ারটেলের প্রধান নির্বাহী পি ডি শর্মা বলেন, এই ঘটনায় আমাদের সম্মানিত গ্রাহকরা যে অসুবিধার সম্মুখীন হয়েছেন তার জন্য আমি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং তাদের সহমর্মিতা ও ধৈর্যের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি আরও বলতে চাই গ্রাহকরা, গতকাল যে অভাবনীয় অসুবিধার সম্মুখীন হয়েছেন তার সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হওয়া বা আন-রেজিস্টার্ড গ্রাহকের কোনও সম্পর্ক নেই। আমাদের গ্রাহককে বিশ্বমানের ভয়েস ও ডাটা সেবা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, অধিকাংশ এয়ারটেল গ্রাহকই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে ফেলেছেন। এয়ারটেল এই সহযোগিতার জন্য গ্রাহকদের কাছে কৃতজ্ঞ। যারা এখনও নিবন্ধন করেননি তারা যেকোনও এয়ারটেল রেজিস্ট্রেশন পয়েন্টে এসে নিবন্ধন করতে পারবেন।
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: কালিয়াকৈর হাইটেক পার্ক এখন ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’: পলক








