তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনীকে কাজে লাগিয়ে দেশে একটি ‘আইসিটি ইনোভেশন ইকোসিস্টেম’ গড়ে তুলতে চায়। এজন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী ও গবেষণা প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পলক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে তথ্যপ্রযুক্তির খাতের উদ্ভাবনী থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের দৃষ্টান্ত রয়েছে সেখানে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশে অনেক মেধাবী রয়েছে যাদের মধ্যে রয়েছে প্রচণ্ড উদ্ভাবনী শক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এইসব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান নিশ্চিত করতে চায়।
প্রতিমন্ত্রী বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে বৃত্তি, ফেলোশিপ ও উদ্ভাবনীমূলক গবেষণা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাংগ্রি বার্ড’ শীর্ষক একটি গেম থেকে ২০১২ সালে আয় হয় ২৫০ মিলিয়ন ডলার, লিংকডইন এর মতো উদ্ভাবনী বিক্রি করে ২৬ বিলিয়ন ডলার আয় হয়। আমার বিশ্বাস, এক সময় বাংলাদেশের উদ্ভাবনী শক্তির মানুষ বিশেষ করে তরুণেরা নতুন নতুন উদ্ভাবনীর দিয়ে বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে।
পলক আইসিটি ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনিমাণে অংশীদার হতে দেশের তরুণদেরকে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ।
পরে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন উদ্ভাবনী, বৃত্তি ও ফেলোশিপের জন্য বাছাই করা ৪৭ জনের হাতে চেক তুলে দেওয়া হয়।
/এইচএএইচ/








