গ্রামের দাবি ব্রডব্যান্ড- এই স্লোগানকে সামনে রেখে শনিবার বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলায় অনুষ্ঠিত হলো জ্ঞানমেলার নবম আসর।
আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। এতে সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ বজলুর রাহমান। উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, বিশিষ্ট সমাজসেবক শ্যামল সিংহ রায়, প্রভাষক গোলাম ইয়াছিন, নবম জ্ঞানমেলা উৎযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ জলিল, আমাদের গ্রাম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ তাহমিনা ফেরদৌসি, আমাদের গ্রাম আইটি স্কুলের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি আলহাজ আব্দুল খালেক বলেন, জ্ঞানমেলা রামপালবাসীর প্রাণের মেলা। গ্রামবাসীর এই মিলন মেলা উদযাপনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০০৪ থেকে রামপালের শ্রীফলতলায় ঐতিহ্যবাহী এই জ্ঞানমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলার বিশেষ আয়োজনের মধ্যে অন্যতম বিষয় ছিল ম্যারাথন প্রতিযোগিতা। সকাল ৯টায় মেলা প্রাঙ্গন থেকে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের নেতৃত্বে শুরু হওয়া ম্যারাথনে রামপাল উপজেলার নানা পেশা ও বয়সের প্রায় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। সফলভাবে সাড়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সন্মাননা সনদ তুলে দেন অতিথিরা।
এবারের মেলায় প্রায় স্টল ছিল ২০টি। এসব স্টলে রামপাল ছাড়াও আশেপাশের মানুষ গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিস প্রদর্শন করেন। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ডাটা এন্ট্রি প্রতিযোগিতা, ছবি আঁকা, ক্যারম, দাবা ও হা ডু ডু প্রতিযোগিতা।
বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা শেষ হয়।
/এইচএএইচ/







