এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৫:২২ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:২২

পুরোনো ফুটেজ নতুন করে সম্পাদনা করে মোবাইল ফোনের দর্শকদের জন্য ছোট ছোট পর্ব তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সোপ অপেরা নেইবার্স-এর সাবেক অভিনেতা ও কলাকুশলীরা। বন্ধ হয়ে যাওয়া এ ধারাবাহিকের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল যুক্তরাষ্ট্রভিত্তিক রোজবেরি মিডিয়ার সঙ্গে মিলে প্রকল্পটি হাতে নিয়েছে। কয়েক দশকের পর্ব স্ক্যান করে ছোট ছোট ভার্টিক্যাল ভিডিও তৈরিতে সহায়তা করবে এআই।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ডনা ফ্রিডম্যানের চরিত্রে অভিনয় করা মার্গট রবির ফুটেজ দিয়েই মাইক্রোড্রামার প্রাথমিক কাজ শুরু হবে। দুই প্রতিষ্ঠানের দাবি, এ উদ্যোগ গত বছর শেষ পর্ব প্রচারিত হওয়া ধারাবাহিকটিকে নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে। তবে কিছু অভিনেতা ও কলাকুশলী বলছেন, তাদের ছবি, কণ্ঠ বা কাজ নতুন করে ব্যবহারে তারা সম্মতি দেননি। রবি এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। মন্তব্যের জন্য তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

প্রকল্পের নেপথ্যের প্রতিষ্ঠানগুলো এক বিবৃতিতে জানিয়েছে, এআই-সহায়ক প্রযুক্তি কয়েক দশকের পর্ব স্ক্যান করে চরিত্রের গতিপথ, কাহিনি ও উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করবে, যাতে সম্পাদকেরা দ্রুত সবচেয়ে শক্তিশালী উপাদান খুঁজে পান।

ফ্রিম্যান্টলের এক মুখপাত্রের ভাষ্য, মাইক্রোড্রামার পর্বগুলোতে আগে সম্প্রচারিত মূল ফুটেজ, সংলাপ ও অভিনয় ব্যবহার করা হবে। তিনি বলেন, এটি নতুন দৃশ্য বা অভিনয় তৈরি করে না, অভিনেতাদের মুখ বা অবয়ব বদলায় না, কিংবা কৃত্রিম কণ্ঠও ব্যবহার করে না। সম্পাদনার প্রতিটি ধাপ একজন মানুষ সম্পাদক পর্যালোচনা ও অনুমোদন করবেন বলেও তিনি জানান।

বর্তমানে মেলবোর্নভিত্তিক প্রযোজক ও পরিচালক ওয়ার্কমেইস্টার বলেন, মাইক্রোড্রামার নেপথ্যের প্রতিষ্ঠানগুলো তার সঙ্গে যোগাযোগ করেনি। পর্বগুলোতে কী থাকবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, আগে থেকে যা আছে, তা থেকে যদি নতুন মাইক্রোড্রামা বানানো হয়, তাহলে আমাদের ছবি ও কণ্ঠ এবং লেখকদের কাজ ব্যবহারে সম্মতি নেওয়া দরকার বলে আমি মনে করি।

একই অনিশ্চয়তা কাজ করছে স্যাম ক্লার্কের মনেও। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত নেইবার্সে রিঙ্গো ব্রাউনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি পরে রবির কাল্পনিক চরিত্রকে বিয়ে করে।

লস অ্যাঞ্জেলেস থেকে ক্লার্ক বলেন, এক বন্ধু একটি প্রতিবেদন পাঠানোর আগে মাইক্রোড্রামার কথা তিনি শোনেননি। বর্তমানে প্রযোজক ও ভয়েস অভিনেতা হিসেবে কাজ করা ৩৯ বছর বয়সী ক্লার্ক বলেন, এত বছর আগে আমরা যে কাজ করেছি, তা দ্বিতীয় জীবন পেলে আমার নেতিবাচক মনোভাব নেই, যদি না সেটিকে কারসাজি করে নতুন কাহিনিতে রূপ দেওয়া হয়।

৬৮ বছর বয়সী শব্দগ্রাহক ব্রুস ফিন্ডলে প্রায় পাঁচ দশক ধরে টিভি শিল্পে কাজ করছেন। প্রথম পর্ব থেকে ধারাবাহিকটিতে কাজ করায় নেইবার্স তাঁর হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। পুরোনো ফুটেজ থেকে ছোট পর্ব বানাতে এআই ব্যবহারকে তিনি পিকাসো কেটে টুকরো করে আবার জোড়া লাগানোর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এ কাজ দাঁড় করাতে আমরা কঠোর পরিশ্রম করেছি...আর এখন তারা এটিকে ছোট ছোট টুকরো করে, ওপরে ছুড়ে দিয়ে এআই দিয়ে আবার জোড়া লাগাচ্ছে এতে পুরো প্রক্রিয়াকে ছোট করা হচ্ছে।

জানা গেছে, বিষয়টি নিয়ে দুটি ইউনিয়নের সঙ্গে আলোচনা করছে ফ্রিম্যান্টল। অভিনেতা ও লেখকদের কাজ পুনঃপ্রচার বা সিন্ডিকেশনের সময় যে চলমান অর্থ (রেসিডুয়াল) দেওয়া হয়, তা পরিশোধ করা হবে, তবে কলাকুশলীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

ইউনিয়নগুলোর একটি মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স আলোচনার কথা নিশ্চিত করেছে। সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অ্যাডাম পোর্তেল্লি বলেন, কয়েক দশক আগে চুক্তি সইয়ের সময় কর্মীরা যেভাবে কখনও কল্পনাও করেননি, সেভাবে তাদের অবয়ব বা দক্ষতা ব্যবহারের আগে তাদের সঙ্গে পরামর্শ করা উচিত।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
জিমেইল ও গুগল ফটোসের ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন, বন্ধ করবেন যেভাবে
বাইনান্সে বিশালাকার সাইবার হামলা, আড়াইশ কোটি ডলারের বেশি সম্পদ ফ্রিজ
মেসেজ পাঠিয়েই কাজ করানো যাবে চ্যাটজিপিটির ডট এজেন্টকে
সর্বশেষ খবর
যেখানে গন্তব্যের চেয়ে পথই বেশি সুন্দর
যেখানে গন্তব্যের চেয়ে পথই বেশি সুন্দর
‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল’
‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল’
স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত, ২০২৭ সালে পানিতে নামতে পারে চীনের নতুন রণতরি
স্যাটেলাইট চিত্রে ইঙ্গিত, ২০২৭ সালে পানিতে নামতে পারে চীনের নতুন রণতরি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, বেশি মিরপুরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, বেশি মিরপুরে
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা