মোবাইলফোন প্রযুক্তি নিয়ে শনিবার অনুষ্ঠিত হবে দেশের প্রথম জাতীয় মোবাইল সম্মেলন মোবিকন-২০১৬।
প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বাংলাদেশ কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা -এর আয়োজনে মোবাইল প্রযুক্তি নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
আয়োজকরা জানান, মোবাইলের পুরো ইকো সিস্টেম তুলে ধরা হবে এই সম্মেলন। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড।
এবারের সম্মেলনে দেশের ২০টি মোবাইল অ্যাপ বা সার্ভিস প্রতিষ্ঠান অংশ নেবে। আর তাদের জন্য থাকবে ফ্রি ইউএক্স রিভিউ, ইনভেস্টর মিটিং এবং আরও অনেক আয়োজন। দর্শনার্থীদের জন্য রয়েছে গুগলের পক্ষ থেকে নানা উপহার।
সকাল ১০টা থেকে থাকবে মোবাইলের প্রোগ্রামিং নিয়ে কর্মশালা। যেখানে ২০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে টেকটক সেশন। যেখানে দেশের সেরা মোবাইল ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসর (বেসিস) সভাপতি শামীম আহসান। উপস্থিত থাকবেন গুগল বাংলাদেশের মার্কেটিং কনসালটেন্ট হাসমী রাফসানজানী, গ্রামীণফোনের হেড অব ইন্টারনেট থিংস রবিধর পারশার, রবির হেড অফ ডিজিটাল সার্ভিসেস মানজার রহমান-সহ আরও অনেকে। আলোচনা পর্বের পর মোবাইল ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে বিকাল ৫টা পর্যন্ত। যারা মোবাইল ডিজাইন, টেলিকম, অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আছে বিশেষ আয়োজন ।
গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটির উপদেষ্টা ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, দেশে মোবাইল প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মধ্য দিয়ে দেশের মোবাইলের জন্য নতুন নতুন প্রযুক্তিরও উদ্ভাবন হবে বলে আমাদের প্রত্যাশা।
মোবিকন কনফারেন্স সবার জন্য উন্মুক্ত। তবে কনফারেন্সের কর্মশালা ও টেকটকে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায় www.mobicon.xyz
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: গুগল ক্রোম ব্রাউজারের কিছু জাদুকরী কৌশল







