মঙ্গলবার (২৭ জুন) ঢাকা ছেড়েছে ১৯ লাখের বেশি সচল মোবাইল সিম। আর এই সময়ে ঢাকায় ঢুকেছে প্রায় ৮ লাখের মতো সিম।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার (২৮ জুন) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘২৭ জুন ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ সিম। ঢাকায় এসেছে ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ সিম।’
তিনি আরও লিখেছেন, ‘ঢাকা থেকে বাইরে যাওয়া সিমের মধ্যে রয়েছে— গ্রামীণ ফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬টি, রবির ৬ লাখ ১০ হাজার ৬৪১টি, বাংলালিংকের ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬টি ও টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম।’
মন্ত্রীর পোস্টে দেওয়া তথ্যমতে, ‘আর একই দিনে বাইরে থেকে ঢাকা আসা সিমের মধ্যে রয়েছে— গ্রামীণ ফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩টি, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬টি এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম।’









