মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপ’ আকারে অবস্থান করছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বুধবার সকাল ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হতে পারে।
পরিস্থিতির উন্নতির দিকে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে পূর্বের দেওয়া সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।