গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মানিক শেখ(২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
ধারালো অস্ত্রের আঘাতে নিহত মানিকের বড় ভাই লেবু শেখও (৩২) গুরুতর আহত হন। আহত লেবু শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকের বড় ভাই লেবু শেখ অভিযোগ করে বলেন, আমার পিতা হিরু শেখের সঙ্গে তার আপন চাচাতো ভাই বকুল শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলে। এরই জের ধরে সোমবার সকালে বিবদমান জমির ধান কাটা নিয়ে সালিশ-বৈঠক বসে। এসময় উভয় পক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বকুল শেখ, তার ছেলে মামুন শেখসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আমাকে ও আমার ভাইকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।
ওসি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশ মাঠে নেমেছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এনএস/এইচকে/








