
কিশোরগঞ্জের দুর্গম হাওরাঞ্চল অষ্টগ্রাম ও মিঠামইনে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এক পাড়া থেকে অন্য পাড়ায় কেউ ট্রলার কিংবা স্পিডবোটে আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। কে হবেন আগামী চেয়ারম্যান- এ নিয়ে হাওরে পাড়া-মহল্লার চায়ের দোকানের চলছে নির্বাচনি আলোচনা।
আগামী ২৮মে পঞ্চম দফায় অষ্টগ্রামের ৮টি ও মিঠামইনের ৭টি ইউনিয়নে ভোট হবে। মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বারসহ পুরুষ মেম্বার পদের প্রার্থীরা। নিজ দলের প্রার্থীদের জয়ী করতে বিভিন্ন পথসভায় ও জনসংযোগে উপজেলা পর্যায়ের নেতারাও যোগ দিচ্ছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থীরাও। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর ছাড়াও নির্বাচনের মাঠে লড়াই করছেন আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী। ফলে কিছুটা বেকায়দায় রয়েছেন দলীয় প্রার্থীরা।
নির্বাচন অফিস জানায়, অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আদমপুর ও খয়ের আব্দুল্লাহপুর দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওমায়ী লীগ মনোনীত কোনও প্রার্থী নেই। ফলে আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৮ জন এবং ১৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে সদস্যপদে ৮২ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে উপজেলার মোট ১ লাখ ৮ হাজার ১৪৬ জন ভোটার ৭৮টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া মিঠামইনে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৩০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া সংরক্ষিত মহিলা আসনে সদস্যপদে ৭৫ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে উপজেলার ৬৭ হাজার ৭৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অষ্টগ্রাম উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ভোটার ও কেন্দ্রের সার্বিক নিরাপত্তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রত্যাকটি ইউনিয়নে বিজিবিসহ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম মাঠে কাজ করবে।
আরও পড়ুন: অভয়নগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
/এসটি/








