পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখতে যশোর শহরে সমবেত হয়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি মনিটর।
শনিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে টাউন হল মাঠের অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যশোরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কাউটসহ বিভিন্ন স্তরের মানুষ। রাতে টাউন হল মাঠে আতশবাজি ফোটানো হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ সাংস্কৃতিক সংগঠনগুলো দিনভর নানা কর্মসূচি পালন করবে। বেলা ১১টায় আওয়ামী লীগের কার্যালয় যশোর শহরের গাড়িখানা রোড থেকে পদ্মা সেতুর সাফল্য কামনা করে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা ৭টায় টাউন হল মাঠের শতাব্দী বটমূল প্রাঙ্গণে পদ্মা সেতুর থিম সং পরিবেশন করবেন স্থানীয় ও ঢাকার অর্ধশতাধিক শিল্পী। রাত ৯টায় যশোরের ঐতিহাসিক কালেক্টরেট ভবনে আলোকসজ্জার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শহরব্যাপী লাগানো হয়েছে নানা রঙের ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড।









