জিয়া পরিবারের কুকীর্তি মাঠে আসুক আমরা তা চাই না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, ‘জিয়া পরিবারের সদস্যদের অনেক কুকীর্তি এ দেশের মানুষ জানে। পরিবারের গণ্ডি পেরিয়ে সেগুলো রাজনীতির মাঠে আসুক তা আমরা চাই না। কিন্তু বিএনপি নেতারা আজ সেই প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করতে উসকানি দিচ্ছেন। তারা এতটাই অন্ধ এবং ফরমায়েশ নির্ভর হয়ে গেছেন যে– দলের একজন নেতা মিথ্যাচার করলো এবং অশালীন কথা বললো, অথচ সিনিয়র নেতারা তার পক্ষে সাফাই গাইলেন। তারাই কিনা সরকারকে মানবিক হওয়ার সবক দেন।’ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদেরের কথায়, ‘দেশবাসী দেখেছে, একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য ও অসৎ আচরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি। তার বিপরীতে দেশবাসী দেখলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশালীন বক্তব্যকে নির্লজ্জভাবে কীভাবে দলীয়ভাবে সমর্থন দিলো। দেশবাসী বিস্মিত, ক্ষুব্ধ ও লজ্জিত। দলটির নেতারা রাজনৈতিক শিষ্টাচারকে ভূলুণ্ঠিত করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। তিনি বলেন, ‘ঐতিহ্যগতভাবেই রাজনীতিতে বিনয়, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা চর্চা করে থাকে আওয়ামী লীগ। দলে কিংবা সরকারে কেউ শিষ্টাচারবহির্ভূত কাজ করলে তাকে ছাড় দেওয়া হয় না, এটা শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন। যত বড় রাজনৈতিক পরিচয় হোক; অন্যায়, অনিয়ম কিংবা রাজনৈতিক শিষ্টাচার অথবা শৃঙ্খলাবহির্ভূত কাজ করলে দল কখনও তার পক্ষে দাঁড়ায় না।’

ওবায়দুল কাদেরের মন্তব্য, ‘বিএনপির কখনও কৃতজ্ঞতাবোধ ছিল না, এখনও নেই। দলগতভাবে তারা শিষ্টাচারবর্জিত দল। তা না হলে শোকসন্তপ্ত মাকে সান্ত্বনা দিতে গিয়ে বঙ্গবন্ধুকন্যাকে তারা দরজা বন্ধ করে অসম্মানজনকভাবে ফিরিয়ে দিতো না। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণের বিপরীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সেদিনের অশালীন বক্তব্য সেসময় দেশবাসী শুনেছিল। তাই বলতে চাই, শিষ্টাচারহীনতা ও অশালীনতা তাদের মজ্জাগত। এটা তাদের রাজনৈতিক ঐতিহ্য ও উত্তরাধিকার।’

সেতুমন্ত্রীর দৃষ্টিতে, ‘এ দেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। সেই সঙ্গে অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন তা সমকালীন বিশ্বে নজিরবিহীন। আমি অশ্লীল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে ধরে নেবো এটি বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আশা করছি, দলটির নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’

বিএনপি নেতা-নেত্রীদের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, ‘মঞ্চে-সংসদে দাঁড়িয়ে তারা যেসব ভাষায় বক্তব্য রাখেন তা বলারও অযোগ্য, ছাপারও অযোগ্য। কথায় ও কাজে পরিশীলিত রুচিবোধ ও শালীনতা তাদের মাঝে নেই। তা না হলে তাদের নেতা আলালের অরাজনৈতিক কুরুচিপূর্ণ ভাষাকে কীভাবে রাজনীতিতে সজ্জন বলে বিবেচিত মির্জা ফখরুল সাহেবরা যৌক্তিকতা আছে বলে জনসমক্ষে সার্টিফিকেট দেন? ফলে জনগণ ধরে নিচ্ছে তাদের সব অপপ্রচার আর বিষোদগারের মতো লোকদেখানো ভদ্রতাও এক ধরনের মুখোশ। আসলে বিএনপির রাজনীতি এখন তলানিতে ঠেকে গেছে। তারা মেরুদণ্ডহীন ফরমায়েশ-সর্বস্ব রাজনৈতিক দল। বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর পরশ্রীকাতরতা। তাদের মাঝে কৃতজ্ঞতাবোধ নেই, তারা কৃতঘ্ন। তারা জন্মলগ্ন থেকে রাজনীতির সুষ্ঠু ধারা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে কলুষিত করে আসছে।’

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
সর্বশেষ খবর
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি