টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালানোর পর তা হঠাৎ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিক তৎপরতার গতি বৃদ্ধি, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতে টান পড়া এবং সংঘাত ব্যাপক রূপ নেওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার নেওয়া এই সিদ্ধান্তটি গত দুই সপ্তাহের মধ্যে মার্কিন হামলার ক্ষেত্রে প্রথম বিরতি হিসেবে চিহ্নিত হচ্ছে। অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের কাছে হামলার নতুন একটি পরিকল্পনা পেশ করা হলেও তিনি সামরিক বাহিনীকে নতুন করে কোনও হামলা না চালানোর নির্দেশনা দিয়েছেন। এর মাধ্যমে মার্কিন প্রশাসন আলোচনা ও চুক্তির দিকে এগোনোর সংকেত দিলেও প্রয়োজন অনুযায়ী পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং জানান, ট্রাম্প সব সময়ই কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দেন। তবে ইরান যদি হরমুজ প্রণালি বা যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালিয়ে যায়, তবে সব ধরনের সামরিক পদক্ষেপের পথ উন্মুক্ত থাকবে।
অ্যাক্সিওস-এর বরাতে জানা গেছে, বড় ধরনের কোনও যুদ্ধ শুরু করা ছাড়া সামরিক পদক্ষেপে প্রত্যাশিত সাফল্য অর্জনের শেষ সীমায় পৌঁছে গেছেন বলে ট্রাম্প সিদ্ধান্ত নেন। সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্টের উদ্দেশ্য হলো কূটনীতির জন্য কিছুটা সুযোগ তৈরি করা, যাতে আলোচনা ব্যর্থ হলে অল্প নোটিশেই ফের হামলা শুরু করার পথ খোলা থাকে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে তিনি মনে করেন যে ইরানের সঙ্গে চুক্তির দিকে এগোনোই হবে ‘আরও বুদ্ধিমানের কৌশল’।
তিনি বলেন, আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। দিন যত যাচ্ছে, আমার মনে হয় তারা বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
পরবর্তীতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, তিনি মনে করেন না ইরান এখনই কোনও চুক্তি করার জন্য প্রস্তুত, তবে তিনি আলোচনার জন্য ইচ্ছুক রয়েছেন।
হামলা স্থগিত করার নেপথ্যে আরেকটি বড় কারণ হলো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে পেন্টাগনের মধ্যকার ক্রমবর্ধমান উদ্বেগ।
দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, হামলা আরও বিস্তৃত করা হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে নিঃশেষ হয়ে যেতে পারে। এতে করে মার্কিন সেনা, মিত্রদেশ এবং সামরিক ঘাঁটিগুলো ইরানের প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে পড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন যে সামরিক বাহিনী আরও বড় আক্রমণ চালাতে সক্ষম হলেও সেটি ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন ইন্টারসেপ্টর মিসাইলের মজুতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
পত্রিকাটি আরও প্রকাশ করেছে যে পেন্টাগন সম্প্রতি ১ হাজার ২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে ফেলেছে। ফলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আগেই তাদের কাছে থাকা মজুত বেশ চাপের মধ্যে পড়েছে।
সিএনএন জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেনারেল ড্যান কেইন উভয়েই ইরান যুদ্ধ বৃদ্ধি করার বিষয়ে নিজেদের দুশ্চিন্তার কথা জানান।
বৈঠক সম্পর্কে অবহিত মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, জেনারেল কেইন কেবল ফুরিয়ে আসা অস্ত্রের মজুত নিয়েই ট্রাম্পকে সতর্ক করেননি, বরং যুদ্ধ বিস্তৃত হওয়ার সার্বিক পরিণতির বিষয়েও সতর্ক করেন।
পেন্টাগনের একটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানগুলো বর্তমানে ‘স্থগিত’ রয়েছে। তবে এই বিরতি সাময়িক, নাকি মার্কিন রণকৌশলে বড় কোনও পরিবর্তনের সূচনা তা এখনও স্পষ্ট নয়।
সিএনএন আরও জানায়, ট্রাম্পের ঘনিষ্ঠমহলের কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছিলেন যে, একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি না বাড়িয়ে অতিরিক্ত আরও হামলা চালিয়ে প্রশাসনের উদ্দেশ্য অর্জন করা সম্ভব কিনা।
হামলা স্থগিতের এই ঘটনাটি নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার সঙ্গেই মিলে গেছে। অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
আলোচনার সঙ্গে যুক্ত আঞ্চলিক সূত্রগুলো অ্যাক্সিওসকে জানিয়েছে, আলোচনা বেশ ইতিবাচকভাবে এগিয়েছে এবং ওমান ও ইরানের মধ্যে দ্রুতই একটি চুক্তি হতে পারে। তবে যেকোনও প্রস্তাব কার্যকর করার আগে চূড়ান্তভাবে ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন হবে।
এদিকে, সিএনএন জানিয়েছে যে পারস্য উপসাগরীয় দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
হামলা স্থগিত করলেও সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও বজায় রেখেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিউং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট সব সময়ই কূটনৈতিক সমাধান পছন্দ করেন, তবে ইরান যদি হরমুজ প্রণালিতে বা যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা অব্যাহত রাখে তবে তিনি সব বিকল্প খোলা রেখেছেন।
চিউং আরও দাবি করেন, টানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রায় দুই সপ্তাহের সামরিক হামলা তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করার চাপ বাড়িয়েছে।
অ্যাক্সিওসের মতে, কূটনীতি ব্যর্থ হলে পুনরায় বা বিস্তৃত সামরিক অভিযান পরিচালনার জন্য পেন্টাগন তাদের জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখছে, যাতে সংক্ষিপ্ত নোটিশেই মার্কিন বাহিনী আবার হামলা চালাতে পারে। তবে আপাতত, ট্রাম্প প্রশাসন পরীক্ষা করে দেখতে চাইছে যে একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি না নিয়ে আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের লক্ষ্য অর্জন করা সম্ভব কিনা।

ছাত্রদের আন্দোলনে টিকলো না মোদির অজেয় ভাবমূর্তি
যে গ্রামকে বলা হয় ভারতের ‘বর্ষার রাজধানী’
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
বিরিয়ানির জন্ম কোন দেশে
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দিপকে







