এবার সিএনজি স্টেশন থেকে গ্যাস নিতে চান গার্মেন্টস মালিকরা, কারণ কী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৮:৩৮আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:৪১

মহেশখালীর একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে সৃষ্ট তীব্র গ্যাস সংকটের মধ্যে রফতানিমুখী পোশাক কারখানাগুলোকে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সংগ্রহের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশের দুই শীর্ষ পোশাকশিল্প সংগঠন— বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। 

বুধাবার (২৮ জুলাই) পৃথক চিঠিতে সংগঠন দুটি সরকারকে জানায়, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানাগুলোকে সাময়িকভাবে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহের সুযোগ দেওয়া হলে উৎপাদন ও রফতানি কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। 

এর আগে ২৭ জুলাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সব সিএনজি ফিলিং স্টেশনকে নির্দেশ দেয়, অনুমোদিত যানবাহনের বাইরে খোলা সিলিন্ডার বা গ্যাস ক্যাসকেডে প্রাকৃতিক গ্যাস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। সংস্থাটির ভাষ্য, এই ধরনের গ্যাস সরবরাহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি গ্যাস আইন-২০১০ ও গ্যাস বিতরণ বিধিমালা-২০২৬-এর পরিপন্থি। 

তিতাস তাদের চিঠিতে জানায়, অননুমোদিত সিলিন্ডারে গ্যাস সরবরাহ অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নির্দেশনা অমান্য করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। 

রফতানি ব্যাহত হওয়ার শঙ্কা 

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “দেশের তৈরি পোশাক শিল্প অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এই খাত সর্বোচ্চ রফতানি আয় অর্জনের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” 

তিনি উল্লেখ করেন, “মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শিল্পাঞ্চলে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক কারখানায় গ্যাসের চাপ শূন্য পিএসআইয়ে নেমে এসেছে। ফলে উৎপাদন অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।” 

বিজিএমইএর দাবি, যেসব কারখানার প্রয়োজন রয়েছে, তাদের সাময়িকভাবে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সংগ্রহের সুযোগ দেওয়া হলে উৎপাদন ও রফতানি প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে। তবে তিতাসের সাম্প্রতিক নির্দেশনার কারণে অনেক ফিলিং স্টেশন সিলিন্ডারে গ্যাস দিতে অনাগ্রহী হয়ে পড়েছে বলেও সংগঠনটি উল্লেখ করেছে। 

সচিবের নির্দেশনার দাবি বিকেএমইএর

অপরদিকে বিকেএমইএ তাদের সদস্যদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, তিতাসের নির্দেশনার পর সংগঠনের সভাপতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। 

বিকেএমইএর দাবি, রফতানিমুখী শিল্পে গ্যাস সরবরাহ ব্যাহত হলে উৎপাদন ও রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে— এ বিষয়টি অবহিত করার পর জ্বালানি বিভাগের সচিব তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যাতে রফতানিমুখী কারখানাগুলো আগের মতো সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করতে পারে। 

সংগঠনটি সদস্য কারখানাগুলোকে গ্যাস সংগ্রহের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান ও সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিকল্প এলএমজি (মোবাইল গ্যাস) ব্যবস্থা থাকলে তা সর্বোচ্চ সক্ষমতায় ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

বিকেএমইএ জানিয়েছে, বর্তমান গ্যাস সংকট আগামী ৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও সংগঠনটি জানিয়েছে। 

এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে সংকট

এক্সিলারেট এনার্জি পরিচালিত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবে শিল্পকারখানা, আবাসিক গ্রাহক, সিএনজি ফিলিং স্টেশন এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে। 

সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় বিকল্প যন্ত্রাংশ আমদানির উদ্যোগ নিয়েছে। তবে ততদিন পর্যন্ত গ্যাস সংকট মোকাবিলায় শিল্পখাতের জন্য অন্তর্বর্তী সমাধান খুঁজতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে।

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
গ্যাস সংকটে রান্না সহজ করবে যে কৌশল
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
গ্যাসের সংকট, অর্থনীতিতে কী প্রভাব পড়বে
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?