যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ১৯৯০-এর দশকে অপ্রাপ্তবয়স্ক ও অসহায় শিশুদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক এক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছিল ব্রিটিশ পুলিশ। গ্রেফতার হওয়া এই রাজনীতিকের নাম রুখসার আহমেদ (৬২)। তিনি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) রাজনীতিতে জড়িত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল থেকে গত সপ্তাহে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য (এমপি) হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অসুন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের জুলাই মাসে ম্যানচেস্টার বিমানবন্দর থেকে গ্রুমিং গ্যাংয়ের অংশ হিসেবে শিশু ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি পুলিশ জামিনে রয়েছেন।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, গত মাসে ম্যানচেস্টারের একটি পুলিশ স্টেশনে জামিনের হাজিরা দেওয়ার কথা থাকলেও উড়োজাহাজে ভ্রমণের জন্য শারীরিকভাবে অসুস্থ দাবি করে তিনি সেখানে উপস্থিত হননি। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের উত্তরাঞ্চলের মীরপুরে নির্বাচনি প্রচারণায় তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) রুখসার আহমেদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে এক বিচারক পুলিশের সেই কঠোর আবেদন নাকচ করে দেন। ম্যানচেস্টারের রাশহোলম এলাকায় রুখসার আহমেদ দীর্ঘদিন বসবাস করেছেন এবং সেখানে একটি রেস্তোরাঁর মালিক তিনি। অন্তত দুজন নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, নব্বইয়ের দশকে তারা যখন ছোট ছিলেন, তখন রুখসার আহমেদ তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ও পাচারে জড়িত ছিলেন।
পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দারা প্রথম জানতে পারেন যে তিনি পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে ফের জামিনের জবাবদিহির জন্য হাজির হতে হবে। তিনি হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বা তাকে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হতে পারে, যা যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করতে পারে।
পাকিস্তান-শাসিত কাশ্মীরের পিএমএল-এন দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, তিনি অন্তত দুই দশক ধরে রুখসার আহমেদকে চেনেন, তবে তার বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ রয়েছে তা জানতেন না। এ বিষয়ে কথা বলতে রুখসার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, কিছুদিন আগেই রচডেলের গ্রুমিং গ্যাংয়ের মূল হোতা শাবির আহমেদকে ফেরত নেওয়ার জন্য যুক্তরাজ্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান। অন্যদিকে ম্যানচেস্টারের পাকিস্তানি কমিউনিটিতে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত রুখসার আহমেদের এই গ্রেফতারের খবর নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি







