প্রথমবারের মতো সরাসরি সড়কপথে যুক্ত হলো রাশিয়া ও উত্তর কোরিয়া। দুই দেশের সীমান্তে তুমেন নদীর ওপর নির্মিত ইয়াকভ নোভিচেঙ্কো ব্রিজটি সোমবার (৭ সেপ্টেম্বর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতুটি রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের খাসানকে উত্তর কোরিয়ার তুমানগাংয়ের সঙ্গে যুক্ত করেছে।
সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৫ মিটার। যার ৫৮১ মিটার উত্তর কোরিয়ার অংশে এবং ৪২৪ মিটার রাশিয়ার অংশে। সাত মিটার প্রশস্ত এ সেতুতে রয়েছে দুই লেনের সড়ক।
নতুন সেতুটি ১৯৫৯ সাল থেকে দুই দেশকে যুক্ত করে রাখা কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ ব্রিজের প্রায় ৪১৫ মিটার পূর্বে নির্মিত হয়েছে। এতদিন রেলসেতুই ছিল দুই দেশের একমাত্র সীমান্ত সংযোগ। বিশেষ ব্যবস্থায় রেললাইনের ওপর কাঠের পাটাতন বসিয়ে যানবাহন পারাপার করা হতো।
নতুন সেতুর মাধ্যমে রাশিয়ার ভ্লাদিভস্তক থেকে উত্তর কোরিয়ার চংজিন পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলো। রাশিয়ার খাসান এলাকায় সেতুটিকে বিদ্যমান সড়ক সংযোগের সঙ্গে যুক্ত করতে ২ দশমিক ৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে। দুই পাশেই সীমান্ত চেকপোস্ট স্থাপন করা হচ্ছে।
সেতুটি দিনে সর্বোচ্চ ৩০০টি যানবাহন এবং ২ হাজার ৩২৩ মানুষ চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাক চলাচল শিগগিরই শুরু হবে। ২০২৬ সালের শেষের দিকে যাত্রী পরিবহনের জন্যও সেতুটি পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু







