ক্যারিবীয় সাগরে মাদক পাচারে ব্যবহারের অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়ে চার জনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবারের এই হামলা লাতিন আমেরিকায় কথিত মাদকপাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কয়েক মাসের অভিযানের অংশ। এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, পরিচিত মাদক পাচারের রুটে নৌযানটি চলছিল। তবে সেটিতে মাদক বহন করা হচ্ছিল—এমন কোনও প্রমাণ প্রকাশ করেনি মার্কিন বাহিনী।
ট্রাম্প প্রশাসন কথিত ‘নার্কোটেররিস্টদের’ বিরুদ্ধে অভিযান শুরুর পর গত প্রায় এক বছরে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ৬৯টি হামলায় অন্তত ২৩১ জন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাউদার্ন কমান্ডের প্রকাশ করা ভিডিওতে চলন্ত একটি নৌযানের ছবি এবং এরপর বিস্ফোরণের মতো একটি ঝলক দেখা যায়।
এদিকে লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে স্থলভাগে অভিযান সম্প্রসারণের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত মাসে পানামা সফরের সময় দাবি করেছিলেন, কলম্বিয়া, গুয়াতেমালা ও হন্ডুরাস নিজ ভূখণ্ডে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানে সম্মত হয়েছে। তবে গুয়াতেমালা এমন কোনও চুক্তির কথা অস্বীকার করেছে।









