পাঁচ তারকা কনরাড হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৪ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৪

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কনরাড হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক এবং অন্যজন হোটেলের কর্মী।

নিহত দুজনের একজন জার্মানির নাগরিক আলেক্সান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য ছিলেন। অন্যজন স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাত (৪৫), প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তারা দুজনই ওই হোটেলে অবস্থান করছিলেন।

আহত মার্কিন নাগরিকের নাম ম্যাথিউ ডেসান্টিস (৪১)। তিনি ওই হোটেলের অতিথি ছিলেন। আর আহত হোটেলকর্মীর নাম রাহুল তিওয়ারি (২৮)। দুজনই সুইমিংপুলে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন। তাদের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা শঙ্কামুক্ত।

শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাতার কাটতে যান আলেক্সান্ডার ও জুরাজ। এনডিটিভি জানিয়েছে, পুল থেকে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে ডুবে যান। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে যান মার্কিন নাগরিক ও হোটেলের কর্মী।

মণিপাল হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান চিকিৎসক মেবেল জানান, শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জার্মান নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। আর স্লোভাকিয়ার নাগরিককে বাঁচাতে চিকিৎসকেরা সিপিআরসহ বিভিন্ন চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধারকাজে পুলে ঝাঁপ দেওয়া মার্কিন নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মাথাব্যথার কথা জানান এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে, হোটেলকর্মীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় জার্মান নাগরিক আলেক্সান্ডারের স্ত্রী সিলভিয়া ওটাওয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। অভিযোগে বলা হয়েছে, সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

এক বিবৃতিতে কনরাড হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। পাশাপাশি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে তারা। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে শনিবার সকালে হোটেলের ওয়েবসাইটে জানানো হয়, ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য সুইমিংপুলটি বন্ধ থাকবে।

হিলটন গ্রুপের অংশ কনরাড একটি বিলাসবহুল ২৪ তলা পাঁচ তারকা হোটেল। সেখানে সাধারণ একটি কক্ষের ভাড়া প্রতি রাতে অন্তত ২৫ হাজার রুপি। সুইমিংপুলে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় হোটেলটির রক্ষণাবেক্ষণ নিয়ে অবহেলার অভিযোগ উঠেছে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
সর্বশেষ খবর
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী