প্রথমদিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?

চাঁদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪২ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪৯

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর থেকে মাছ ধরা শুরু হয়েছে। রাত পেরিয়ে সকালেই জেলার বড় স্টেশন মাছঘাটে বিক্রির জন্য জন্য আনা হয়েছে প্রায় এক হাজার টন ইলিশ। তবে এসব ইলিশের বেশির ভাগই নরম, পচা এবং আকারেও ছোট।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা গেছে, প্রায় এক হাজার টন ইলিশ বিক্রির জন্য নামানো হয়েছে। প্রায় ৭০ শতাংশই ছোট, নরম ও পচা ইলিশ।

এসব মাছ বহনকারী ট্রাক ও ট্রলারে থাকা লোকজন জানান, ভোর থেকেই ট্রাকে ও ফিশিং ট্রলারে করে তারা ভোলা ও নোয়াখালীর হাতিয়া থেকে এসব ইলিশ চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু এসব মাছ কারা কবে ধরেছেন, তা নিয়ে কথা বলতে রাজি হননি মাছ ব্যবসায়ী ও জেলেরা।

ব্যবসায়ী ও জেলেরা জানান, চার থেকে পাঁচ দিন আগে এসব ইলিশ ধরা হয়। তখন অভিযান থাকায় কোথাও এসব মাছ বিক্রি করা যায়নি। এ কারণে ট্রলারে বা নিরাপদ স্থানে এসব মাছ মাটিচাপা দিয়ে রাখা হয়। অভিযান শেষ হওয়ার কারণে তারা সরাসরি এসব মাছ চাঁদপুর মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন। এসব ইলিশ প্রতিমণ বিক্রি হয় ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকায়। কেজি পড়েছে ৩৭৫ থেকে ৪০০ টাকা। 

নিষেধাজ্ঞার পর প্রথম দিনে বাজারে ইলিশের উপস্থিতি নিয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, অভিযান শেষে আজ সকালে চাঁদপুর মাছ ঘাটে প্রায় এক হাজার টন ইলিশ বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ চাঁদপুরের পদ্মা–মেঘনার ইলিশ। বাকি ৭০ শতাংশ নোয়াখালীর হাতিয়া ও ভোলার ইলিশ। যেসব ইলিশ নরম, এগুলো অভিযানের সময় জেলেরা নদী-সাগর থেকে ধরে কোনোরকম মজুত করে রেখেছিলেন। কারণ নিষেধাজ্ঞার সময় বরফের সরবরাহ থাকে না।

এদিকে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে প্রথম দিন বেশ ভালো ইলিশ পেয়েছেন জেলেরা। এতে তারা খুশি।

রাত থেকে ভোর পর্যন্ত নদীতে জাল ফেলে ১২ হাজার টাকার ইলিশ ধরেছেন লিটন তপাদার নামে এক জেলে। তিনি বলেন, অন্য সময়ের চেয়ে একটু বেশি ইলিশ পেয়েছেন। যদি এভাবে ইলিশ পাওয়া যায়, তাহলে কয়েক দিনের মধ্যে ঋণ পরিশোধ করা যাবে।

আরেক জেলে আবুল কালাম সাত জন মিলে মধ্যরাতে মেঘনা নদীতে ইলিশ ধরতে নামেন। তাদের জালে ধরা পড়া ইলিশ বিক্রি করেছেন ১৫ হাজার টাকা।

চাঁদপুর মাছ ঘাটের ইলিশ ব্যবসায়ী আকবর হোসেন জানান, নিষেধাজ্ঞার পর প্রথম দিন ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছে। পদ্মা-মেঘনায় ধরা পড়া কেজি আকারের ইলিশের দাম পড়ছে ২৪০০ টাকা। আর ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজি প্রতি দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর সাগরের ইলিশ কেজি পড়ছে ১৫০০ টাকা করে। ছোট ৪০০-৫০০ গ্রামের ইলিশের কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুরে আটক ৬৪৬ জেলে, কারাদণ্ড ১৮৩ জনের
ইলিশ ধরতে গিয়ে ‘নৌ-পুলিশের’ গুলিতে ঝাঁঝরা জেলের বুক, ঘটনাস্থলেই মৃত্যু
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
সর্বশেষ খবর
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন
আটকের পর অসুস্থ হয়ে পড়লেন ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি
আটকের পর অসুস্থ হয়ে পড়লেন ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
সর্বাধিক পঠিত
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার