শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত

সাভার প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ চলছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের অন্তত ৫০ জন সদস্য আহত হয়েছেন। 

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আজ বিভিন্ন স্থানে আমাদের অন্তত ৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।’

এ অবস্থায় মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকাল পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশপাশের বিভিন্ন কারখানায় শ্রমিকরা উপস্থিত হন। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বসে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনের সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীরা ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নেন। সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

নিশ্চিন্তপুর এলাকায় গিয়ে দেখা যায়, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের একটি গলিতে শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শ্রমকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন। পুলিশ হ্যান্ডমাইকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। এর আগে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

নিশ্চিন্তপুরে দেওয়ান পাম্পের পাশে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ২০-২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান করছেন। তবে সাধারণ শ্রমিকরা কাজে থাকতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, সাধারণ শ্রমিকরা কাজ করতে চান। তারা কর্মমুখর থাকতে চান। কিন্তু বহিরাগত কিছু লোক এবং কারও ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কারখানায় কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে বাইরে নিয়ে আসার চেষ্টা করছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ তৎপর আছে উল্লেখ করে এসপি বলেন, ‘শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।’

শিল্প পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের বিষয়েও পুলিশ তাদের পাশে থেকে কাজ করে। এক মালিক শ্রমিকদের চার মাসের বেতন না দিয়ে আত্মগোপনে ছিলেন। পরে তাকে আটক করে আশুলিয়া থানার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শ্রমিকেরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু শ্রমিকদের সুষ্ঠুভাবে কাজের পরিবেশ বজায় রাখার জন্য দায়িত্ব পালন করছি। কিন্তু কিছু লোকের ইন্ধনে শ্রমিকদের একটি অংশ কারখানা থেকে বেরিয়ে এসে পুলিশের ওপর এবং অন্য কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করছে। এ ধরনের পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তাদের ছত্রভঙ্গ করি। আমরা কোনোভাবেই শ্রমিকদের প্রতিপক্ষ নই। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা শ্রমিকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবো।’

সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এ পর্যন্ত আমাদের ৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার আহত হন ২০ জন। আজ একজন পুলিশ সদস্যের মাথায় ইটের আঘাত লেগেছে। চারটি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

গতকাল শ্রমিকদের একটি দল কারখানা থেকে বেরিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুজনকে আটক করে আশুলিয়া থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি শ্রমিকনেতার নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, আহত ৩৩৪
সর্বশেষ খবর
সুকুমার রায়ের ‘হযবরল’ কি নির্দিষ্ট কোনও দেশের কথা ভেবে লেখা?
সুকুমার রায়ের ‘হযবরল’ কি নির্দিষ্ট কোনও দেশের কথা ভেবে লেখা?
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ, নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতে আইনগত ব্যবস্থা
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন