রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র। বৃহস্পতিবার ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে দেওয়া রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার প্রমাণ তুলে ধরে আদালত।
আদালতের প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শিশুদের ওপর চরম সহিংসতা করেছে তারা।
শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে রায়টির সমালোচনা করেন প্রেসিডেন্টের মুখপাত্র খাইং খাইং সোয়ে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে চেষ্টা সত্ত্বেও ফলাফল দেখলে বোঝা যায়, ১৫ বিচারকের সবাই এই সিদ্ধান্তে একমত হননি।’ তিনি আরও বলেন, এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, এটি ন্যায্য নয়।
২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার। দেশটির দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক ডজন নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর বিদ্রোহ দমনে ওই অভিযান চালানো হয়েছিল।
তবে মিয়ানমারের এই যুক্তি প্রত্যাখ্যান করেছে আইসিজে। রায়ে আদালত বলেন, অভিযান পরিচালনার সময় মিয়ানমার বেসামরিক নাগরিক ও কথিত রোহিঙ্গা যোদ্ধাদের মধ্যে পার্থক্য করেছিল এমন কোনও প্রমাণ আদালতের সামনে নেই।
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার
এদিকে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে চলা শরণার্থী সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া বিদেশি শরণার্থীদের বড় অংশই মিয়ানমারের নাগরিক।
শুক্রবার এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। তিনি বলেন, সম্প্রতি তুরস্কে তার সরকারি সফরের পর মন্ত্রিসভা এই প্রস্তাবে সম্মতি দিয়েছে।
জাহিদ হামিদি বলেন, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের প্রস্তাবে মন্ত্রিসভা সম্মত হয়েছে।
সূত্র: উইয়ন নিউজ
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্যও যেকারণে সতর্কবার্তা