রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় শুধু রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচারই নিশ্চিত করেনি, বরং ১৯৪৮ সালের গণহত্যা সনদের কার্যকারিতাকেও নতুন করে সামনে এনেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের প্রভাব পড়তে পারে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাতেও।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া রায়ে বিচারকরা বিস্তারিতভাবে তুলে ধরেছেন, কোনও রাষ্ট্রের বিরুদ্ধে একটি জনগোষ্ঠীকে গণহত্যার অভিযোগ উঠলে কীভাবে গণহত্যা সনদ প্রয়োগ করতে হবে। বিশেষ করে গণহত্যার অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তারা।
এই রায় বিশেষভাবে পর্যালোচনা করবে ইসরায়েল। বর্তমানে আইসিজেতে গণহত্যার অভিযোগে বিচারাধীন একমাত্র অন্য দেশ ইসরায়েল। গাজায় গণহত্যা সংঘটনে সহায়তা এবং তা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নিকারাগুয়ার করা মামলায় জার্মানির জন্যও এই রায় প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বভাবতই বিরূপ ট্রাম্প প্রশাসনও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রায় ঘোষণার আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আইসিজেকে সতর্ক করে বলেছিলেন, গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড যেন শিথিল করা না হয়। তা না হলে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সেনাদের বিরুদ্ধে এই আইনকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করা হতে পারে। এই রায়ের প্রভাব পড়তে পারে দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি)। ব্যক্তিপর্যায়ে কারও বিরুদ্ধে কখন গণহত্যার অভিযোগ আনা যেতে পারে, সে বিষয়ে আইসিজের রায় একটি মানদণ্ড হিসেবে কাজ করতে পারে।
এর আগে আইসিজেতে শুধু সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছিল। ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার করা মামলাগুলোতে দেশটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০০৭ সালে বসনিয়া-সংক্রান্ত রায়ে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে বেলগ্রেডকে দায়ী করা হয়েছিল। তবে কোনও মামলাতেই সার্বিয়াকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি।
নতুন রায়ে আইসিজে সরাসরি মিয়ানমারের সামরিক বাহিনীকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী করেছে। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু এই জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক বাহিনীর কঠোর দমন-পীড়নমূলক অভিযান ২০১৭ সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মিয়ানমারের সামরিক অভিযানের নৃশংসতা মূল্যায়নে আদালত শুধু প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানির বিষয়টি বিবেচনায় নেয়নি। উত্তর রাখাইনে অভিযানের লক্ষ্যবস্তু হওয়া ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার সামগ্রিক জনসংখ্যাকেও বিবেচনায় নিয়েছে। পাশাপাশি বেঁচে যাওয়া মানুষের মানসিক ক্ষতি, বিশেষ করে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ওপর প্রভাব এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এর প্রভাবও আমলে নেওয়া হয়েছে।
নতুন রায়ে আদালত বলেছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা বা শাস্তি দেওয়ার মতো অন্য উদ্দেশ্য মিয়ানমারের থাকতে পারে। তবে এসব উদ্দেশ্যের পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও থাকতে পারে। বিচারকদের মতে, সামগ্রিক প্রমাণের ভিত্তিতে গণহত্যার অভিপ্রায়ই ছিল ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’।
এই সিদ্ধান্তের পক্ষে আদালত যেসব বিষয় তুলে ধরেছে, সেগুলোর কয়েকটি গাজা মামলার ক্ষেত্রেও প্রাসঙ্গিক বলে মনে করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। বর্তমানে ওই মামলায় লিখিত যুক্তিতর্ক চলছে এবং এর নিষ্পত্তিতে আরও অন্তত তিন বছর সময় লাগতে পারে। প্রাসঙ্গিক বিষয়গুলোর মধ্যে রয়েছে শিশুদের লক্ষ্যবস্তু করা। আদালত বলেছে, শিশুদের হত্যা রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘ভিত্তির’ ওপর আঘাত হেনেছে। আইসিজের তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন পর্যন্ত রোহিঙ্গা শিশুকে হত্যা করা হয়েছে। অন্যদিকে গাজা যুদ্ধে পাঁচ বছরের কম বয়সী ৫ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
আদালতের উল্লেখ করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রাম ধ্বংসের পর বুলডোজার দিয়ে মাটি সমতল করা ও ব্যাপকভাবে ভূমি পরিষ্কার করা এবং এরপর দ্রুত নিরাপত্তা স্থাপনা নির্মাণ। গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর দখলদারত্বের ক্ষেত্রে এমন কর্মকাণ্ডের নজির রয়েছে।
মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস বলেন, এই রায়ে ইসরায়েলের জন্য অনেক বার্তা রয়েছে। অবশ্যই দুই ঘটনার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে এবং প্রমাণও ভিন্ন হবে। তবে রায়ে মিয়ানমারের জায়গায় ইসরায়েল শব্দটি বসালে খুব বেশি কিছু পরিবর্তন করতে হতো না।
তবে আইসিজের বিচারকদের মধ্যে ছয়জন ভিন্নমত পোষণ করায় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের যুক্তির বেশ কিছু অংশ নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তাদের সতর্কবার্তা, এই রায়ের অর্থ এই নয় যে একই বিচারক প্যানেল গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলকেও দোষী সাব্যস্ত করবে। তবে একই আইনজীবীরা মনে করেন, এর বিপরীত বিষয়টি প্রায় নিশ্চিত। তাদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি ব্যর্থ হলে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাটিও কার্যত শেষ হয়ে যেত।
সূত্র: দ্য গার্ডিয়ান
‘সত্যের স্বীকৃতি মিলেছে’, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে উচ্ছ্বসিত রোহিঙ্গারা
আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে কী পেলো রোহিঙ্গারা?