আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠিয়েছে সৌদি আরব। দেশজুড়ে জোরদার করা যৌথ অভিযানে এক সপ্তাহে ১০ হাজার ৭০০-এর বেশি মানুষকে গ্রেফতারের পর শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে দেশজুড়ে পরিচালিত যৌথ তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী মোট ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা বিধান ভঙ্গকারী এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারীসহ মোট ৪০ হাজার ৯৪১ জন প্রবাসী আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
আলোচ্য সময়ে মোট ১১ হাজার ৯১৫ জনকে সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এই বহিষ্কারের সংখ্যাটি ওই সপ্তাহের অভিযানে নতুন করে গ্রেফতার হওয়া ১০ হাজার ৭৮৩ জনের হিসাব থেকে আলাদা; অর্থাৎ ফেরত পাঠানো সবাই যে ওই সপ্তাহেই গ্রেফতার হয়েছেন এমন নয়।
অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী আরও ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে দিয়ে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, দেশের ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করে, আশ্রয় দেয় বা অন্য কোনোভাবে সাহায্য করে, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রচলিত বিধান অনুযায়ী, এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সূত্র: গলফ নিউজ
রাশিয়া-ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত ১২