বিশাল প্যান্ডেল, ১০০ ফুটের বেশি দীর্ঘ অস্থায়ী মেগা রান্নাঘর, মহাসড়কের পাশেই তৈরি হেলিপ্যাড এবং বিজয়ীর জন্য ‘থর’ গাড়ি পুরস্কারের ঘোড়দৌড় বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে চলছে এমনই রাজকীয় আয়োজন।
যেকোনও বলিউড সিনেমা বা টিভি সিরিয়ালের জাঁকজমককেও হার মানানো এই বিয়েটি আগামী ২৫ নভেম্বর পাটনার লাদমা গ্রামে অনন্ত সিংয়ের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ঋষিকেশ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী।
সোমবার (২৩ নভেম্বর) এই জুটির গায়েহলুদের অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে আসা কোনও অতিথি যেন অভুক্ত না থাকেন বা অন্তত মিষ্টিমুখ না করে ফিরে না যান, সেজন্য ১০০ ফুটেরও বেশি লম্বা একটি তাঁবুর নিচে বিশাল রান্নাঘর বসানো হয়েছে। সেখানে ৫০ লাখেরও বেশি গোলাপ জামুন তৈরির বিশাল কর্মযজ্ঞ চলছে। অনুষ্ঠানের আমেজে উজ্জ্বল হলুদ পাঞ্জাবি পরে অতিথিদের বরণ করে নিচ্ছেন অনন্ত সিংয়ের তিন ছেলে অঙ্কিত, অভিষেক এবং অভিনব।
প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, চিনির রসে ভেজানো গোলাপ জামুনে ভরা বিশাল বিশাল স্টিলের পাত্র, যা অনায়াসেই এক বা দুটি গ্রামের মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট। অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কানহাইয়া সিং এনডিটিভিকে জানিয়েছেন, আগামী দুই দিনে যে বিপুল সংখ্যক অতিথি আসবেন তাদের রান্নার জন্য এমন আরও ১২টি তাঁবু স্থাপন করা হচ্ছে। মিষ্টি তৈরির জন্য ১০ হাজার কেজির ট্যাংকারে করে সরাসরি মেগা রান্নাঘরে দুধ পাঠানো হচ্ছে।
কানহাইয়া আরও জানান, বৃষ্টির কারণে মাঠ কিছুটা কর্দমাক্ত হয়ে পড়লেও বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য মাঠটি প্রস্তুত করার কাজ পুরোদমে চলছে। ঘোড়দৌড়ের জন্য মাঠ সমতল করা হচ্ছে এবং অতিথিদের স্বাগত জানাতে নতুন নির্মিত অবকাঠামো মেরামত করা হচ্ছে।
মেয়ের বিয়ের এই বিশাল আয়োজনে উচ্ছ্বসিত অনন্ত সিং বলেন, আজ আমি খুব খুশি। সবাই আমাদের বাড়িতে আসছেন এবং আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তিনি জানান, আগামী দুই দিনের মধ্যেই ঘোড়দৌড়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। বিয়ের দিন অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে বিশেষ প্রজাতির ঘোড়া জড়ো হচ্ছে। এই প্রতিযোগিতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো ঘোড়াগুলোর দৌড়ানোর ধরন, যেখানে তারা দৌড়ানোর সময় একসঙ্গে দুটি পা ওপরে তুলে দৌড়ায়। ঘোড়াপ্রেমীরা এই অনন্য দৃশ্য দেখার জন্য বিশেষভাবে মুখিয়ে আছেন। বিজয়ীর জন্য ভালোবাসা ও সম্মানের পাশাপাশি শীর্ষ পুরস্কার হিসেবে থাকছে একটি ‘থর’ গাড়ি।
এদিকে বিয়ের উৎসবে যোগ দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুশীল সিং, যাকে স্বাগত জানান অনন্ত সিং। সুশীল সিং বলেন, অনন্ত সিং আমার ভাইয়ের মতো। তার মেয়ের বিয়ে, তাই আমি আশীর্বাদ জানাতে এসেছি। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারণার জন্য অনন্ত সিংকে উত্তর প্রদেশে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
সূত্র: এনডিটিভি
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা