শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সঞ্চিতা সীতু
২৪ নভেম্বর ২০২৬, ১৮:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:০০

শীতের শুরুতেই রাজধানীর বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। গত ১৭ নভেম্বর বায়ুমান সূচকে (একিউআই) ৩৩৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। পরবর্তী দুই দিনও দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, সড়ক খোঁড়াখুঁড়ি ও বর্জ্য পোড়ানোসহ বিভিন্ন উৎস থেকে ছড়ানো দূষণে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি। ফুসফুসের সমস্যা, অ্যালার্জি, ঠান্ডা-কাশিসহ নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের প্রভাব শুধু শ্বাসতন্ত্রে সীমাবদ্ধ নয়, মানবদেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকালে ঢাকার বাতাসের মান সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়। ওই দিন একিউআই স্কোর ৩৩৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। পরদিন ১৮ নভেম্বর ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ১৯ নভেম্বর ২৩১ স্কোর নিয়েও দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী।

এরপর ২১ নভেম্বর থেকে দূষণ কিছুটা কমে। ওই দিন সকাল সাড়ে ৮টায় ১৪৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে নেমে আসে ঢাকা। ২২ নভেম্বর সকাল ৯টা ২ মিনিটে ১১৭ স্কোর নিয়ে অবস্থান ছিল ১৪তম। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে দূষণের মাত্রা ওঠানামা করলেও বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে ঢাকার নাম।

অভিজাত এলাকাও দূষণের বাইরে নয়

রাজধানীর বায়ুদূষণ এখন আর শুধু ঘনবসতিপূর্ণ বা শিল্পকারখানার আশপাশের এলাকায় সীমাবদ্ধ নেই। গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডির মতো অভিজাত এলাকাও দূষণের শিকার।

গত ২৩ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আইকিউএয়ারের স্টেশনভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি বায়ুদূষণ ছিল বাড্ডার প্রগতি সরণি এলাকায়। সেখানে একিউআই স্কোর ছিল ১৩৮। এরপর বারিধারা লেকসাইড ও বেচারাম দেওড়িতে ১৩৭, বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ১৩৫, বারিধারা পার্ক রোডে ১৩৪ এবং গুলশান লেক পার্কে ১৩২ স্কোর রেকর্ড করা হয়। এ ছাড়া আগারগাঁওয়ের বিআইডিএস ও গুলশান-২ এলাকায় একিউআই স্কোর ছিল ১১৫।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, শীতকালে বাতাস শুষ্ক থাকে এবং ধুলোবালি বেশি থাকায় বায়ুদূষণের মাত্রা বাড়ে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি; এই তিন মাস বায়ুদূষণের মাত্রা বেশি থাকে।

তিনি বলেন, দূষণের বড় একটি কারণ সড়ক। ঢাকা শহরের সড়কগুলোতে বেশির ভাগ সময় খোঁড়াখুঁড়ি চলতে থাকে। এ থেকেই বাতাসে ধুলাবালি ছড়ায়।

বায়ুদূষণ কমানোর উপায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দূষণ থেকে বাঁচার সহজ সমাধান হচ্ছে রাস্তায় রাস্তায় পানি ছিটানো। অনেক দেশের সরকার কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে। সম্ভব হলে আমাদেরও এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কিছুটা কমে।

দূষিত বাতাসে যেভাবে ক্ষতি হয়

বায়ুদূষণের মাত্রা নির্ধারণে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত ছয় ধরনের পদার্থ ও গ্যাসের কারণে দূষণের মাত্রা বাড়ে। এগুলো হলো পিএম ২.৫, পিএম ১০, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড ও সিসা। এসব পদার্থ ও গ্যাসের মাত্রার ভিত্তিতে বায়ুমান সূচক নির্ধারণ করা হয়। ঢাকার দূষণের ক্ষেত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা পিএম ২.৫-কে বেশি দায়ী করা হয়।

বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাতাসে থাকা ক্ষুদ্র ধূলিকণা ও অন্যান্য দূষণকারী উপাদান শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। যাদের আগে থেকেই শ্বাসকষ্ট, অ্যালার্জি বা ফুসফুসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে উপসর্গ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুদূষণ বিশেষ করে ফুসফুসের সমস্যা ও অ্যালার্জির কারণ হতে পারে। এ সময় সবার মাস্ক পরে চলাচল করা উচিত।

তিনি বলেন, বায়ুদূষণের কারণে মানবদেহের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হয়। বর্তমানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও বায়ুদূষণ বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অ্যালার্জি, ঠান্ডা-কাশিতে ভোগা এবং নারীদের বিভিন্ন রোগের কারণও এই দূষণ। এমনকি বায়ুদূষণের কারণে গর্ভপাতের মতো ঘটনাও ঘটে।

/ইউএস/
সম্পর্কিত
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র